বীরভূমের সিউড়ির হারাইপুরে পথশ্রী প্রকল্পের রাস্তার কাজ ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদ, বন্ধ নির্মাণকাজ

Mar 13, 2026 - 09:01
 0
বীরভূমের সিউড়ির হারাইপুরে পথশ্রী প্রকল্পের রাস্তার কাজ ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদ, বন্ধ নির্মাণকাজ

বীরভূমের সিউড়ি: পথশ্রী প্রকল্পের রাস্তা নির্মাণকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদের জেরে বন্ধ হয়ে গেল রাস্তার কাজ। ঘটনাটি ঘটেছে সিউড়ি থানার হারাইপুরের মালপাড়া এলাকায়। অভিযোগ, ঠিকাদারের কাছ থেকে ঈদের চাঁদা তোলাকে কেন্দ্র করেই এই বিবাদের সূত্রপাত।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগেই ওই এলাকায় পথশ্রী প্রকল্পের অধীনে রাস্তা তৈরির কাজ শুরু হয়েছিল। বৃহস্পতিবার সকালে রাস্তার বাকি অংশে ঢালাইয়ের কাজ হওয়ার কথা ছিল। সেই সময় একাংশ তৃণমূল কর্মী অভিযোগ তোলেন যে রাস্তা তৈরির কাজে নিম্নমানের পাথর ও কাঁচামাল ব্যবহার করা হচ্ছে। এই অভিযোগ তুলে তাঁরা রাস্তার কাজ বন্ধ করে দেন।

অন্যদিকে গ্রামেরই আরেক অংশের তৃণমূল কর্মী ও সমর্থকেরা কাজ বন্ধ করার সিদ্ধান্তকে সমর্থন করেননি। ফলে বিষয়টি নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে বচসা ও উত্তেজনার সৃষ্টি হয়।

ঠিকাদারের অভিযোগ, গ্রামের কিছু তৃণমূল কর্মী ঈদের চাঁদার নামে ৩০ হাজার টাকা দাবি করেছিলেন। সেই টাকা না দেওয়াতেই জোর করে রাস্তার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি ঠিকাদারকে মারধর করার অভিযোগও উঠেছে।

এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই একে অপরের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছে। ঘটনার জেরে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়ালেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানা গেছে।