বঙ্গোপসাগরের প্রভাবে রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস, দমকা হাওয়ার আশঙ্কা

Mar 26, 2026 - 09:57
 19
বঙ্গোপসাগরের প্রভাবে রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস, দমকা হাওয়ার আশঙ্কা

কলকাতা: বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্প ও অনুকূল বায়ুপ্রবাহের জেরে আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, তাপমাত্রাও আপাতত স্বাভাবিকের আশপাশেই থাকবে।

উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ২৪ মার্চ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পাশাপাশি কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ২৫ ও ২৬ মার্চ বজ্রপাতসহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে এবং ২৭ মার্চ ফের ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ২৪ থেকে ২৬ মার্চ পর্যন্ত মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকলেও কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারে। তবে ২৭ ও ২৮ মার্চ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পূর্ব বর্ধমান জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে।

এছাড়া ২৯ মার্চ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদ জেলাতেও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।