ফুটপাতে ব্যবসা বন্ধের নির্দেশে উদ্বেগ, সময়সীমা বেঁধে দেওয়ার দাবি মঙ্গলাহাটের ব্যবসায়ীদের
মঙ্গলাহাট-এ ফুটপাতে ব্যবসা বন্ধের সরকারি নির্দেশ ঘিরে চরম উদ্বেগ ছড়িয়েছে হাটের ব্যবসায়ীদের মধ্যে। মঙ্গলবার হাটের দিনে ফুটপাতে হকারদের বসতে দেওয়া হবে না বলে সোমবারই প্রশাসনের তরফে নির্দেশ জারি করা হয়। মাইকে করে সেই ঘোষণা প্রচারও করা হয়।
এই সিদ্ধান্তের জেরে কার্যত মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের। তাঁদের বক্তব্য, দীর্ঘদিন ধরে ফুটপাতে ব্যবসা করেই বহু পরিবার জীবিকা নির্বাহ করে আসছে। হঠাৎ করে ব্যবসা বন্ধ করে দিলে পরিবার-পরিজন নিয়ে চরম অনিশ্চয়তার মুখে পড়তে হবে।
অভিযোগ, সোমবার রাত থেকেই মঙ্গলাহাট এলাকায় ফুটপাতে বসতে বাধা দিতে শুরু করে পুলিশ। এরপরই ব্যবসায়ীরা রাজ্য সরকারের কাছে আবেদন জানান, ব্যবসা পুরোপুরি বন্ধ না করে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হোক। পাশাপাশি, এই বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসারও দাবি তোলেন তাঁরা।
হাটের একাধিক ব্যবসায়ীর বক্তব্য,
> “আমরা বহু বছর ধরে ফুটপাতে ব্যবসা করছি। যদি ব্যবসা করতে না দেওয়া হয়, তাহলে পরিবার নিয়ে পথে বসতে হবে। আমাদের একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হোক, যাতে আমরা নিয়ম মেনে ব্যবসা করতে পারি।”
তাঁদের আরও দাবি,
> “আমরা পরিবর্তন চেয়েছিলাম। রাজ্যে নতুন সরকার এসেছে। কিন্তু যদি আমাদের পেটে লাথি মারা হয়, তাহলে রুজি-রোজগার পুরোপুরি বন্ধ হয়ে যাবে। আমরা সরকারের সঙ্গে সবরকম সহযোগিতা করতে প্রস্তুত। তবে সরকারও যেন আমাদের সমস্যার দিকটি বিবেচনা করে।”
সরকারের এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই মঙ্গলাহাটের ব্যবসায়ী মহলে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। এখন প্রশাসন ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই নজর সকলের।