ধূপগুড়িতে দুই বাইসনের তাণ্ডব, আহত ৩ আতঙ্কে এলাকাবাসী
ধূপগুড়ি: রবিবার সকালে
জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকে দুই বাইসনের তাণ্ডবে ব্যাপক আতঙ্ক ছড়াল। ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের মাগুরমারি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বীনাপানি ও পাইকারপাড়া এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, সোনাখালী জঙ্গল থেকে আচমকাই দুটি বাইসন লোকালয়ে ঢুকে পড়ে। এরপরই শুরু হয় তাণ্ডব।
বাইসনের হামলায় আহত হন গোপাল ঘোষ (৬৭), সুনীল রায় (৫১) এবং শিশু জয়জিৎ সরকার (৬)। এর মধ্যে গোপাল ঘোষ গুরুতর জখম হন।
বনকর্মীরা তাঁকে উদ্ধার করে দ্রুত ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যান। আহতদের চিকিৎসা চলছে।
ঘটনার পর থেকেই গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দারা ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন। বাইসন দুটিকে নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে বন দপ্তরের কর্মীদের।
বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই ঘুম পাড়ানি গুলি করার জন্য প্রস্তুত রাখা হয়েছে বিশেষ দলকে। তবে বাইসন দুটি ক্রমাগত এলাকায় দাপিয়ে বেড়ানোয় এখনও পর্যন্ত উপযুক্ত পরিস্থিতি তৈরি হয়নি। বনকর্মীরা সতর্কতার সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।