ঘোড়ামারার কাছে পণ্যবাহী ট্রলার ডুবি, উদ্ধার ১ শ্রমিকের দেহ, এখনও নিখোঁজ ১*

Jun 24, 2026 - 12:55
 10
ঘোড়ামারার কাছে পণ্যবাহী ট্রলার ডুবি, উদ্ধার ১ শ্রমিকের দেহ, এখনও নিখোঁজ ১*

অমিত মণ্ডল, সাগর:

সাগরের ঘোড়ামারা দ্বীপের কাছে হুগলি নদীতে একটি বালি বোঝাই পন্যবাহী ট্রলার ডুবির ঘটনায় উদ্ধার হল এক শ্রমিকের দেহ। এখনো পর্যন্ত নিখোঁজ ১ শ্রমিক। মঙ্গলবার সকালে নদী থেকে পূর্ব মেদিনীপুরের গেঁওখালির বাসিন্দা সন্তোষ ঘড়ুই (৩৫)-এর মৃতদেহ উদ্ধার করে সাগর থানার পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা। তবে দুর্ঘটনার পর থেকে এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন ঘোড়ামারা দ্বীপের বাসিন্দা শেখ আসাদ নামের আরও এক শ্রমিক। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে পূর্ব মেদিনীপুরের গেঁওখালি থেকে বালি বোঝাই করে সাগরের কচুবেড়িয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল ওই পণ্যবাহী ট্রলারটি। দুপুরের দিকে সাগরের ঘোড়ামারা দ্বীপের কাছাকাছি আসতেই হুগলি নদীর তীব্র খরস্রোত ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার মুখে পড়ে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডুবো চড়ায় সজোরে ধাক্কা মারে এবং মুহূর্তের মধ্যে নদীগর্ভে তলিয়ে যায়। 

দুর্ঘটনাটি নজরে আসতেই কাছাকাছি থাকা মাছ ধরার নৌকার মৎস্যজীবীরা দ্রুত এগিয়ে এসে ট্রলারের মাঝিকে উদ্ধার করতে পারলেও, বাকি দুই শ্রমিক তীব্র স্রোতের তোড়ে তলিয়ে যান। সোমবার রাতভর তল্লাশি চালানোর পর, মঙ্গলবার নদী থেকে সন্তোষ ঘড়ুইয়ের নিথর দেহ উদ্ধার করে পুলিশ। দেহটি শনাক্তকরণের পর ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে সন্তোষের মৃত্যুর খবর মেদিনীপুরের গেঁওখালিতে পৌঁছাতেই পরিবার জুড়ে শুরু হয়েছে কান্নার রোল। 

অন্যদিকে, নিখোঁজ থাকা দ্বিতীয় শ্রমিক শেখ আসাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ এবং সিভিল ডিফেন্সের কর্মীরা।