কোটি কোটি টাকার দুর্নীতি! গঙ্গাসাগরে তৃণমূল উপপ্রধানের নামে পড়ল 'নিখোঁজ' পোস্টার অমিত মণ্ডল, সাগর:

Jul 10, 2026 - 13:07
 14
কোটি কোটি টাকার দুর্নীতি! গঙ্গাসাগরে তৃণমূল উপপ্রধানের নামে পড়ল 'নিখোঁজ' পোস্টার  অমিত মণ্ডল, সাগর:

অমিত মণ্ডল, সাগর:

কোটি কোটি টাকার দুর্নীতির হিসেব চাইতেই বেপাত্তা খোদ তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধান! আর এবার তাঁকে খুঁজতেই খাস পঞ্চায়েত অফিসের গেটে এবং রাস্তায় রাস্তায় পড়ল 'নিখোঁজ উপপ্রধান'-এর পোস্টার। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েত এলাকায়। প্রাক্তন প্রধান তথা বর্তমান উপপ্রধান হরিপদ মণ্ডলকে ঘিরে স্থানীয় বিজেপির এই পোস্টার-রাজনীতিতে রীতিমতো সরগরম হয়ে উঠেছে সাগরের রাজনৈতিক মহল।

স্থানীয় ও রাজনৈতিক মহলের অভিযোগ, গত ৪ঠা মে নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই উপপ্রধান হরিপদ মণ্ডলকে এলাকায় বা পঞ্চায়েত অফিসে আর দেখা যাচ্ছে না। সম্প্রতি গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের একটি গুরুত্বপূর্ণ গ্রামসভার বৈঠকেও তিনি গরহাজির ছিলেন। এরপরই তাঁর এই দীর্ঘ অনুপস্থিতি নিয়ে সরব হন স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকরা। তাঁদের চাঞ্চল্যকর দাবি, উপপ্রধানের বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। জনসমক্ষে সেই দুর্নীতির হিসেব দিতে হবে বলেই তিনি ভয়ে গা-ঢাকা দিয়েছেন।

গ্রামসভার বৈঠকের পরেই ক্ষুব্ধ বিজেপি কর্মীরা পঞ্চায়েতের মূল গেট এবং কালিবাজার এলাকায় হরিপদ মণ্ডলের ছবি-সহ ‘নিখোঁজ উপপ্রধান’ লেখা পোস্টার সেঁটে দেন।পঞ্চায়েত প্রধান নিজেও প্রকাশ্যে স্বীকার করেছেন যে উপপ্রধানের সঙ্গে তাঁর কোনো যোগাযোগ হচ্ছে না! 

দুর্নীতির এই অভিযোগ এবং নিখোঁজ পোস্টার নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি।