কলকাতার ট্যাংরায় কমার্শিয়াল গ্যাসের সংকটে বিপাকে ক্লাউড কিচেন, সীমিত অর্ডার নিচ্ছে বহু প্রতিষ্ঠান

Mar 13, 2026 - 09:31
 0
কলকাতার ট্যাংরায় কমার্শিয়াল গ্যাসের সংকটে বিপাকে ক্লাউড কিচেন, সীমিত অর্ডার নিচ্ছে বহু প্রতিষ্ঠান

কলকাতা: কমার্শিয়াল গ্যাসের অভাবে কার্যত বন্ধের মুখে পড়েছে শহরের একাধিক ক্লাউড কিচেন। বিশেষ করে কলকাতার ট্যাংরা অঞ্চলের বেশ কিছু জনপ্রিয় ক্লাউড কিচেনে দেখা দিয়েছে বড় সমস্যা। গ্যাসের অপর্যাপ্ত জোগানের কারণে অনেক জায়গায় অধিকাংশ কর্মীদের ছুটি দিয়ে দেওয়া হয়েছে এবং সীমিত পরিমাণে অর্ডার নেওয়া হচ্ছে।

জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে প্রয়োজনের তুলনায় কম কমার্শিয়াল গ্যাস সরবরাহ হওয়ায় সমস্যার মুখে পড়েছেন খাবারের দোকান ও ক্লাউড কিচেনগুলির মালিকরা। ট্যাংরা অঞ্চলের একটি জনপ্রিয় ক্লাউড কিচেনে গিয়ে দেখা যায়, পরিস্থিতি এতটাই জটিল যে কার্যত বন্ধ হওয়ার মুখে দাঁড়িয়ে রয়েছে প্রতিষ্ঠানটি।

গ্যাসের অভাবে বন্ধ করে দেওয়া হয়েছে তাদের অন্যতম জনপ্রিয় আইটেম তন্দুর। কারণ তন্দুরে রান্নার জন্য তুলনামূলকভাবে অনেক বেশি পরিমাণে গ্যাসের প্রয়োজন হয়। শুধু তন্দুরই নয়, আরও বেশ কিছু আইটেম আপাতত মেনু থেকে বাদ দিতে হয়েছে।

সাধারণত এই ধরনের ক্লাউড কিচেনগুলি সকাল আটটা থেকে রাত বারোটা পর্যন্ত চালু থাকে। কিন্তু বর্তমানে গ্যাসের ঘাটতির কারণে সীমিত সময়ের জন্য পরিষেবা দেওয়া হচ্ছে। ফলে একদিকে যেমন ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন, অন্যদিকে এই খাবারের উপর নির্ভরশীল বহু গ্রাহকও সমস্যায় পড়ছেন।