আসানসোলে মলয় ঘটকের সমর্থনে দেবের রোড শো, জনসমাগমে জমজমাট প্রচার
আসানসোল, ২ এপ্রিল: আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মলয় ঘটকের সমর্থনে প্রচারে এলেন সাংসদ ও অভিনেতা দেব। বৃহস্পতিবার তাঁর উপস্থিতিতে আসানসোলে জমজমাট হয়ে ওঠে নির্বাচনী প্রচার।
বেলা প্রায় সোয়া বারোটা নাগাদ আসানসোলের এসবি গড়াই রোডের রামসায়ের ময়দানে অস্থায়ী হেলিপ্যাডে নামে দেবের হেলিকপ্টার। সেখানে তাঁকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান মলয় ঘটক।
এরপর মলয় ঘটকের সঙ্গে হুডখোলা গাড়িতে উঠে রোড শো শুরু করেন দেব। বেলা সাড়ে বারোটা থেকে রামসায়ের ময়দান থেকে শুরু হয় এই রোড শো। প্রিয় অভিনেতাকে একঝলক দেখতে রাস্তায় উপচে পড়ে ভিড়।
আসানসোল গ্রাম ঘুরে এসবি গড়াই রোড ধরে এগিয়ে আসা এই রোড শো আসানসোল আদালত সংলগ্ন ঘড়ি মোড়ে গিয়ে শেষ হওয়ার কথা। পুরো পথ জুড়ে কর্মী-সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে এলাকা।