সাপ-লুডু'য় রাজনৈতিক বার্তা! : রাজ্যজুড়ে তৃণমূলের অভিনব প্রচার কৌশল
দুর্গাপুর:
বিধানসভা নির্বাচনের আবহে ভিন্ন স্বাদের প্রচার কৌশল নিয়ে রাজ্যজুড়ে মাঠে নেমেছে তৃণমূল কংগ্রেস। 'সাপ-লুডু' খেলাকে হাতিয়ার করে সাধারণ মানুষের কাছে রাজনৈতিক বার্তা পৌঁছে দেওয়ার এই উদ্যোগ ইতিমধ্যেই কৌতূহল তৈরি করেছে বিভিন্ন জেলায়।
রাজ্যের একাধিক এলাকায়, বিশেষ করে দুর্গাপুরের রামকৃষ্ণ এভিনিউ-সহ বিভিন্ন অঞ্চলে তৃণমূলের পক্ষ থেকে পথচলতি মানুষ ও গাড়ির চালকদের হাতে তুলে দেওয়া হচ্ছে বিশেষভাবে তৈরি লুডুর বোর্ড। এই বোর্ডে সাপের মাথায় কার্টুন আকারে বসানো হয়েছে বিজেপির শীর্ষ নেতাদের ছবি-নরেন্দ্র মোদী, অমিত শাহ, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার এবং শমীক ভট্টাচার্য।
অন্যদিকে, মই বা সিঁড়ির ঘরগুলিতে তুলে ধরা হয়েছে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প। শুধু বোর্ড বিতরণেই থেমে থাকছে না প্রচার-সঙ্গে পথচলতি মানুষদের ঠান্ডা পানীয়ও দেওয়া হচ্ছে, যাতে প্রচার আরও আকর্ষণীয় হয়ে ওঠে।
তৃণমূল নেতৃত্বের দাবি, এই ধরনের খেলাচ্ছলে প্রচার সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় রাজনৈতিক বার্তা পৌঁছে দিতে কার্যকরী হচ্ছে এবং এতে মানুষের আগ্রহও বাড়ছে। তৃণমূল নেতা পল্লব রঞ্জন নাগ জানান, এই উদ্যোগের মাধ্যমে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরা হচ্ছে। পাশাপাশি, বিজেপিকে ভোেট দিলে সম্ভাব্য ক্ষতির ইঙ্গিতও প্রতীকের মাধ্যমে বোঝানো হচ্ছে।
অন্যদিকে, এই প্রচারকে কটাক্ষ করেছে বিজেপি। দলের জেলা নেতৃত্বের দাবি, এই ধরনের কৌশলে মানুষের মন জেতা সম্ভব নয় এবং রাজ্যের মানুষ পরিবর্তনের পক্ষেই রায় দেবে।