সাইকেল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা যুবক, উত্তেজিত জনতার মারধর
বসিরহাট:
সকালে সাইকেল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বসিরহাট থানার ভ্যাবলা সুপার মার্কেট এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল প্রায় ন’টা নাগাদ ভ্যাবলা সুপার মার্কেটে একটি সাইকেল চুরি করার চেষ্টা করছিল ওই যুবক। সেই সময় স্থানীয় বাসিন্দারা তাকে হাতেনাতে ধরে ফেলেন। এরপর ক্ষিপ্ত জনতা তাকে বেধড়ক মারধর করে এবং একটি ক্লাবঘরের মধ্যে আটকে রাখে।
ধৃত যুবকের কাছ থেকে জানা যায়, তার বাড়ি চাঁপাপুকুর এলাকায়। স্থানীয়দের অভিযোগ, এর আগেও ভ্যাবলা মার্কেট এলাকা থেকে একাধিক সাইকেল চুরি এবং দোকানের মালপত্র চুরির ঘটনায় ওই যুবকের নাম জড়িয়েছিল।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বসিরহাট থানার পুলিশ। জনতার হাত থেকে ওই যুবককে উদ্ধার করে পুলিশ নিজেদের হেফাজতে নেয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।