মালদায় ভোটে কড়া নজরদারি, সব বুথে সিসি ক্যামেরা-খোলা হল কন্ট্রোল

Apr 23, 2026 - 16:27
 6
মালদায় ভোটে কড়া নজরদারি, সব বুথে সিসি ক্যামেরা-খোলা হল কন্ট্রোল

মালদা: আসন্ন বিধানসভা নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে জেলাজুড়ে কড়া নজরদারির ব্যবস্থা করল প্রশাসন। জেলার সমস্ত ভোটগ্রহণ কেন্দ্রে সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নজরদারি পরিচালনার জন্য মালদা জেলা প্রশাসনিক ভবনে খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম।

মঙ্গলবার সেই কন্ট্রোল রুম পরিদর্শন করে প্রস্তুতি খতিয়ে দেখেন জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিক রাজেনবীর সিং কাপুর। তিনি জানান, এবারের নির্বাচনে কন্ট্রোল রুম থেকেই জেলার প্রতিটি বুথে সরাসরি নজরদারি চালানো হবে।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মালদার মোট ৩২৪৯টি বুথ ও সংলগ্ন এলাকায় বসানো ক্যামেরার ছবি সরাসরি পৌঁছে যাবে কন্ট্রোল রুমে। সেখানে প্রতিটি বিধানসভা কেন্দ্রের বুথগুলির উপর নজর রাখবেন মাইক্রো অবজারভাররা।

জেলাশাসকের দপ্তরে তৈরি করা হয়েছে মোট ১২টি বিধানসভা ভিত্তিক কন্ট্রোল রুম। প্রতিটি বিধানসভার জন্য তিনটি করে মনিটর রাখা হয়েছে। পাশাপাশি, প্রতি বিধানসভায় ছ'জন করে মাইক্রো অবজারভার দায়িত্বে থাকবেন।

শুধু জেলা স্তরেই নয়, রিটার্নিং অফিসারের দপ্তর, কলকাতার মুখ্য নির্বাচন আধিকারিকের কার্যালয় এমনকি দিল্লি থেকেও প্রয়োজন অনুযায়ী বিভিন্ন বুথে নজরদারি চালানো যাবে। কোনও বুথে গোলমাল বা অশান্তির ছবি ধরা পড়লেই দ্রুত ব্যবস্থা নেবে নির্বাচন দপ্তর।

পরিদর্শনের পর রাজেনবীর সিং কাপুর জানান, "সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। সিসি ক্যামেরার মাধ্যমে সারাক্ষণ নজরদারি চলবে, যাতে কোথাও কোনও অনিয়ম না ঘটে।"

নির্বাচনের আগে প্রশাসনের এই উদ্যোগকে ঘিরে জেলায় নিরাপত্তা ও স্বচ্ছতা নিয়ে ইতিবাচক বার্তা গিয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।