মধ্যরাতে কালনা থানায় তৃণমূল কাউন্সিলর, জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে

May 23, 2026 - 08:26
 5
মধ্যরাতে কালনা থানায় তৃণমূল কাউন্সিলর, জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে

কালনা পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিল বসু ওরফে সুমনকে গভীর রাতে কালনা থানার পুলিশ তুলে নিয়ে এসে থানার লকাপে রাখে বলে জানা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে কালনা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

তবে ঠিক কী কারণে মধ্যরাতে তৃণমূল কাউন্সিলরকে থানায় নিয়ে আসা হয়েছে, সেই বিষয়ে এখনও পর্যন্ত পুলিশ বা প্রশাসনের তরফে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। যদিও অনিল বসু ওরফে সুমনের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র রাখা, মারধর সহ একাধিক অভিযোগ আগেও উঠেছিল বলে স্থানীয় সূত্রে দাবি। এছাড়াও, গত বিধানসভা নির্বাচনের সময় ভোটার তালিকায় তাঁর নাম না থাকা নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। রাজনৈতিক মহলে তাঁকে প্রাক্তন তৃণমূল বিধায়ক দেব প্রসাদ বাগের ঘনিষ্ঠ বলেও পরিচিত, এবং বিভিন্ন সময়ে তাঁদের একসঙ্গে প্রচার মঞ্চে দেখা গিয়েছে।

এদিকে, একই রাতে কালনা থানায় উপস্থিত থাকতে দেখা যায় বিধায়ক সিদ্ধার্থ মজুমদারকে। গভীর রাতে থানায় তাঁর উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠতেই তিনি সাংবাদিকদের জানান, "কিছু দুষ্কৃতীরা কালনায় উৎপাত করার চেষ্টা করছিল। সেই বিষয় নিয়েই আলোচনা করতে থানায় এসেছিলাম। গভীর রাতে সাধারণত দুষ্কৃতীরাই সক্রিয় হয়, তাই যাতে কোনওভাবেই অশান্তি না ছড়ায় এবং কালনায় স্থায়ী শান্তি বজায় থাকে, সেই বিষয়েই কথা হয়েছে। যে দলেরই দুষ্কৃতী হোক না কেন, কাউকেই যেন ছাড়া না হয়।"

ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। যদিও পুলিশ প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি সামনে আসেনি।