ভয়মুক্ত পরিবেশে ভোট, ফলতায় পুনর্নির্বাচনে উৎসবের আবহ
দক্ষিণ ২৪ পরগনার ১৪৪ নম্বর ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচন ঘিরে বুধবার সকাল থেকেই দেখা গেল উৎসবের আমেজ। খন্দালিয়া উচ্চ বিদ্যালয়ের ২৫২ নম্বর বুথে সাধারণ ভোটারদের দীর্ঘ লাইন চোখে পড়ে। বহু মানুষের মুখে ছিল স্বস্তি ও উচ্ছ্বাসের ছাপ।
স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, গত এক দশক ধরে সন্ত্রাস, ভয়ভীতি ও চাপের পরিবেশে তারা স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। তবে এবারের পুনর্নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে খুশি সাধারণ মানুষ।
ভোট দিয়ে বেরিয়ে বহু ভোটার বলেন, "অনেক বছর পর নির্ভয়ে ভোেট দিতে পারলাম। এবার মনে হচ্ছে সত্যিই গণতন্ত্র ফিরেছে।” বুথ চত্বরে নারী, প্রবীণ ও প্রথমবারের ভোটারদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
সকাল থেকেই বিভিন্ন বুথে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলতে দেখা যায়। কোনও অপ্রীতিকর ঘটনার খবর না মেলায় স্বস্তিতে প্রশাসনও। সাধারণ মানুষের কথায়, এবারের পুনর্নির্বাচন শুধু ভোেট নয়, গণতন্ত্র ও মানুষের মতপ্রকাশের অধিকারের এক নতুন উদযাপন।