বারুইপুরে শুরু তিন দিনব্যাপী আন্তর্জাতিক আর্ট ফেস্টিভ্যাল
বিশ্ব সমাচার, বারুইপুর : বারুইপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী আর্ট ফেস্টিভ্যাল। ৮ মার্চ ২০২৬ নারী দিবসের দিন থেকে শুরু হওয়া এই উৎসব চলবে ১০ মার্চ পর্যন্ত। অনুষ্ঠানের আয়োজন করেছে বারুইপুর রবীন্দ্রনাথ ঠাকুর কলা কেন্দ্র। সংস্থার সম্পাদক বাবলু পর্বত জানান, আন্তর্জাতিক এই আর্ট ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে শিল্পীদের কাজকে তুলে ধরার উদ্দেশ্যে। এই অনুষ্ঠানে সহযোগিতা করছে বারুইপুর প্রেস ক্লাবের সাংবাদিকরা। উৎসবে চিত্র প্রদর্শনীর পাশাপাশি রয়েছে অঙ্কন প্রতিযোগিতা, সংগীত ও নৃত্য প্রতিযোগিতা, বিভিন্ন শিল্পীর লাইভ আর্ট ক্যানভাস তৈরির মতো একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রায় ৮০টি চিত্রকর্ম নিয়ে এখানে প্রদর্শনী চলছে। এই ফেস্টিভ্যালে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, শিলিগুড়ি, মেদিনীপুর সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে শিল্পীরা অংশগ্রহণ করেছেন। পাশাপাশি বাংলাদেশ থেকেও বহু শিল্পী এই উৎসবে যোগ দিয়েছেন। মোট প্রায় ৩০০ থেকে ৩৫০ জন শিল্পী এই ফেস্টিভ্যালে অংশ নিয়েছেন।প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কার ও শংসাপত্র দিয়ে সম্মানিত করা হবে। পাশাপাশি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কয়েকজন শিল্পীকেও সংবর্ধনা দেওয়া হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত এই উৎসব চলবে। ভবিষ্যতে এই ফেস্টিভ্যালকে আরও বড় পরিসরে আয়োজন করার পরিকল্পনাও রয়েছে বলে জানানো হয়েছে।