পাণ্ডবেশ্বরে মুখ্যমন্ত্রীর সভা ২৬ মার্চ, জোরকদমে প্রস্তুতি শুরু

Mar 24, 2026 - 09:20
 6
পাণ্ডবেশ্বরে মুখ্যমন্ত্রীর সভা ২৬ মার্চ, জোরকদমে প্রস্তুতি শুরু

ভোট ঘোষণার পর শুরু হয়েছে নির্বাচনী জনসভার পালা। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, আগামী ২৬ মার্চ পশ্চিম বর্ধমানের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র পাণ্ডবেশ্বরে সভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন লাউদোহা ফুটবল ময়দানে দুপুরের দিকে এই জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা।

মুখ্যমন্ত্রীর সভাকে ঘিরে ইতিমধ্যেই চূড়ান্ত তৎপরতা শুরু হয়ে গিয়েছে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে। সভার আগে প্রস্তুতির অংশ হিসেবে সোমবার সকালে লাউদোহা ফুটবল মাঠে অস্থায়ী হেলিপ্যাডে হেলিকপ্টার অবতরণের মহড়াও হয়। এদিন সেই মহড়া দেখতে উপস্থিত ছিলেন তৃণমূলের বহু কর্মী ও সমর্থক।

দলীয় সূত্রে খবর, মুখ্যমন্ত্রী দু’দিন দুর্গাপুরে অবস্থান করবেন এবং সেখান থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় নির্বাচনী প্রচারে অংশ নেবেন। ২৬ মার্চ শিলিগুড়ি থেকে অন্ডাল বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে সরাসরি পাণ্ডবেশ্বরের সভায় যোগ দেবেন তিনি।

পাণ্ডবেশ্বরের সভা শেষ করে তিনি বীরভূমের দুবরাজপুরে আরও একটি জনসভা করবেন। সেখান থেকে ফের দুর্গাপুরে ফিরে রাত যাপন করবেন।

পরের দিন, অর্থাৎ ২৭ মার্চ সকালে দুর্গাপুর থেকে বাঁকুড়া জেলায় রওনা দেবেন মুখ্যমন্ত্রী। সেখানে ছাতনা ও ওন্দা—এই দুই জায়গায় সভা করার কথা রয়েছে তাঁর। সভা শেষে আবার দুর্গাপুরে ফিরে আসবেন।

এরপর ২৮ মার্চ রাতে দুর্গাপুর থেকে পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে রানিগঞ্জে একটি জনসভা করবেন মুখ্যমন্ত্রী।

সব মিলিয়ে একাধিক জেলায় টানা প্রচারসূচি ঘিরে তৃণমূল শিবিরে জোর প্রস্তুতি শুরু হয়েছে।