পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের খোট্টাডিহি মোড়ে বাস–ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা বহু যাত্রী

Feb 22, 2026 - 19:31
 0
পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের খোট্টাডিহি মোড়ে বাস–ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা বহু যাত্রী

পাণ্ডবেশ্বর: পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরের খোট্টাডিহি মোড়ে ১৪ নম্বর জাতীয় সড়কে যাত্রীবাহী বাস ও ছাইবোঝাই ডাম্পারের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার সকাল প্রায় সাড়ে ৬টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের তীব্রতা যথেষ্ট হলেও ভাগ্যক্রমে বড় ধরনের প্রাণহানি এড়ানো গিয়েছে। বাসে থাকা বহু যাত্রী অল্পের জন্য প্রাণে রক্ষা পান।

প্রত্যক্ষদর্শীদের দাবি, সংঘর্ষের পরপরই ডাম্পারের চালক ও খালাসি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে দ্রুত পাণ্ডবেশ্বর ট্রাফিক গার্ড ও স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশের তত্ত্বাবধানে ক্রেন এনে দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়ি সরানোর কাজ শুরু হয়, যাতে দ্রুত স্বাভাবিক করা যায় যান চলাচল।

এলাকাবাসীর অভিযোগ, খোট্টাডিহি মোড়ে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তাঁদের দাবি, ভবিষ্যতে এ ধরনের ঘটনা রুখতে সেখানে অবিলম্বে গতিরোধক নির্মাণ ও উপযুক্ত সড়ক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হোক।