নামখানায় জাতীয় সড়কের ধারে ‘গ্যাস সিন্ডিকেট’; চলছে অবৈধ রিফিলিং, বড়সড় বিস্ফোরণের আশঙ্কায় কাঁপছে এলাকা*
অমিত মণ্ডল, নামখানা: রান্নার গ্যাসের সিলিন্ডার থেকে বেআইনিভাবে গাড়িতে গ্যাস ভরা বা ‘রিফিলিং’-এর রমরমা কারবার এখন নামখানার ১১৭ নম্বর জাতীয় সড়কের নিত্যনৈমিত্তিক ছবি। প্রশাসনিক নজরদারি এড়িয়েই প্রতিদিন শয়ে শয়ে গাড়িতে চড়া দামে রান্নার গ্যাস ভরা হচ্ছে। সামনেই বিদ্যুৎ দপ্তরের অফিস পাশাপাশি দুটি তেল পাম্প এবং জনবহুল বাজার থাকায় যে কোনো মুহূর্তেই ভয়াবহ অগ্নিকাণ্ড বা বিস্ফোরণের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
নামখানা জাতীয় সড়কের পাশে গড়ে উঠেছে বেশ কিছু বেআইনি গ্যাসের ‘ঠেক’। সেখানে প্রতিটি সিলিন্ডার থেকে ছোট নলের মাধ্যমে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে চারচাকা গাড়িতে গ্যাস রিফিল করা হচ্ছে। এই ঠেকগুলির কর্মীরাই স্বীকার করেছেন যে, প্রতিদিন ১০০ থেকে ১৫০টি গাড়ি এখানে গ্যাস ভরতে আসে। ৯০ থেকে ১০০ টাকা কেজি দরে এই গ্যাস বিক্রি হচ্ছে। পেট্রোল বা ডিজেলের চেয়ে খরচ কম হওয়ায় একদল গাড়িচালক জীবনের ঝুঁকি নিয়েও এই বেআইনি গ্যাস ব্যবহার করছেন।
সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে জোগান নিয়ে। প্রতিটি দোকানে প্রতিদিন ৩০ থেকে ৪০টি ঘরোয়া রান্নার গ্যাস সিলিন্ডার মজুত থাকছে। প্রশ্ন উঠছে সাধারণ গ্রাহক যেখানে সিলিন্ডার পেতে হিমশিম খান, সেখানে এই অবৈধ কারবারিরা এত সিলিন্ডার কোথা থেকে পাচ্ছে? গ্যাস কোম্পানির ডিস্ট্রিবিউটর বা এজেন্সিগুলির কি এর পেছনে কোনো মদত রয়েছে, তা নিয়ে উঠছে প্রশ্ন।
নামখানার এই এলাকায় প্রতিদিন কয়েকশ’ গ্যাস-চালিত গাড়ি চলাচল করে। জনবহুল বাজার এবং পাশেই ইলেকট্রিক অফিস ও তেল পাম্প থাকায় এই বেআইনি কাজ বড়সড় দুর্ঘটনার হাতছানি দিচ্ছে।