দোল উৎসব–২০২৬ উপলক্ষে শ্রীধাম মায়াপুরে শ্রীচৈতন্য মহাপ্রভুর ৫৪০তম আবির্ভাব মহোৎসব, ৩৫ দিনব্যাপী কর্মসূচিতে মুখর ইসকন

Feb 24, 2026 - 09:32
 1
দোল উৎসব–২০২৬ উপলক্ষে শ্রীধাম মায়াপুরে শ্রীচৈতন্য মহাপ্রভুর ৫৪০তম আবির্ভাব মহোৎসব, ৩৫ দিনব্যাপী কর্মসূচিতে মুখর ইসকন

নদিয়ার শ্রীধাম মায়াপুরে শুরু হয়েছে দোল উৎসব–২০২৬। ইসকনের প্রধান কেন্দ্র ইসকন মন্দির চত্বরে শ্রীচৈতন্য মহাপ্রভুর ৫৪০তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে ইতিমধ্যেই শুরু হয়েছে বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। আলোকমালায় সুসজ্জিত হয়ে উঠেছে সমগ্র মন্দির প্রাঙ্গণ, দেশ-বিদেশ থেকে আগত ভক্তদের উপস্থিতিতে ভরে উঠেছে তীর্থক্ষেত্র।

ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানিয়েছেন, এবছর ৩৫ দিনব্যাপী নানা ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য—বিশ্ব বৈষ্ণব সম্মেলন, ৭২ কিলোমিটার ব্যাপী নবদ্বীপ মণ্ডল পরিক্রমা, বিশ্ব শান্তি যজ্ঞ, নৌকা বিহার, বিভিন্ন ভাষায় ভাগবত পাঠ, ধর্মীয় সেমিনার এবং প্রতিদিন বিনামূল্যে প্রসাদ বিতরণ।

উৎসব উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও শৃঙ্খলাপূর্ণ পরিচালনার পাশাপাশি ভক্তদের জন্য রাখা হয়েছে বিশেষ পরিষেবা। জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকলের জন্যই এই বিশেষ দিনগুলিতে মন্দিরে প্রবেশাধিকার অবাধ রাখা হয়েছে।

দোলের আবিরে ভক্তিময় পরিবেশে মুখরিত শ্রীধাম মায়াপুর এখন বিশ্বজুড়ে বৈষ্ণব সম্প্রদায়ের মিলনক্ষেত্র।