দুর্গাপুর পশ্চিমে রাজনৈতিক সৌজন্য, তৃণমূল প্রার্থী কবি দত্তকে জন্মদিনের শুভেচ্ছা বিজেপির লক্ষণ ঘরুইয়ের

Apr 9, 2026 - 08:25
 0
দুর্গাপুর পশ্চিমে রাজনৈতিক সৌজন্য, তৃণমূল প্রার্থী কবি দত্তকে জন্মদিনের শুভেচ্ছা বিজেপির লক্ষণ ঘরুইয়ের

দুর্গাপুর: বিধানসভা নির্বাচনের আবহের মধ্যেই দুর্গাপুর পশ্চিমে দেখা গেল রাজনৈতিক সৌজন্যের নজির। তৃণমূল কংগ্রেসের প্রার্থী কবি দত্ত-এর জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন বিজেপি প্রার্থী লক্ষণ ঘরুই।

মঙ্গলবার সকাল থেকেই জন্মদিন উপলক্ষে নির্বাচনী প্রচারের মাঝেই কেক কেটে দিনটি উদযাপন করেন কবি দত্ত। তৃণমূল কর্মী-সমর্থকরা তাঁকে ফুলের তোড়া ও মালা পরিয়ে শুভেচ্ছা জানান।

এই উপলক্ষে কবি দত্ত বলেন, "আমি আপ্লুত। সবার অগাধ ভালোবাসা ও আন্তরিকতা পেয়েছি। কেক কেটে আমার জন্মদিন উদযাপন করেছে সকলে। ঠাকুরের কাছে প্রার্থনা করেছি, সবাই যেন ভালো থাকে।"

অন্যদিকে, শুভেচ্ছা জানাতে গিয়ে লক্ষণ ঘরুই বলেন, "জন্মদিনে ভালো থাকুন, সুস্থ থাকুন। তবে উনি ভুল জায়গায় পা দিয়েছেন। হয়তো ফেঁসে গিয়েছেন। ২৩ তারিখের পর হয়তো ওনার মন খারাপ হবে। তবুও আগাম শুভেচ্ছা রইল।"

সব মিলিয়ে, নির্বাচনী উত্তাপের মাঝেও দুর্গাপুর পশ্চিমে এদিন দেখা গেল সৌজন্য ও রাজনৈতিক খোঁচা-দুয়েরই মিশেল।