চিতা বাঘ আতঙ্কে গ্রামজুড়ে চাঞ্চল্য, পরিবেশকর্মীদের তৎপরতায় প্রাণে বাঁচল রাজ্যপ্রাণী মেছোবিড়াল
উদয়নারায়ণপুরে ফের চিতা বাঘ আতঙ্ক ছড়ালেও শেষ পর্যন্ত প্রাণে রক্ষা পেল পশ্চিমবঙ্গের রাজ্যপ্রাণী মেছোবিড়াল। হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের উদয়নারায়ণপুর ইউনিটের সদস্যদের তৎপরতা ও বনদপ্তরের সহযোগিতায় উদ্ধার করা হয় অসুস্থ অবস্থায় থাকা ওই বন্যপ্রাণীটিকে।
ঘটনাটি ঘটেছে হাওড়া জেলার উদয়নারায়ণপুর ব্লকের উত্তর চাঁদচক গ্রামে শীতলা মন্দির সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতের অন্ধকারে তপন বরের বাড়িতে একটি মেছোবিড়াল ঢুকে অসুস্থ অবস্থায় লুকিয়ে ছিল। বৃহস্পতিবার সকালে বাড়ির লোকজন অস্বাভাবিক শব্দ ও নড়াচড়া টের পেয়ে সন্দেহ করেন কোনও বন্যপ্রাণী ঘরে ঢুকেছে। পরে উঁকি মেরে দেখে তাঁরা সেটিকে চিতাবাঘ ভেবে আতঙ্কিত হয়ে পড়েন।
মুহূর্তের মধ্যে এলাকাজুড়ে গুজব ছড়িয়ে পড়ে যে গ্রামে চিতাবাঘ ঢুকেছে। আতঙ্কিত গ্রামবাসীদের একাংশ প্রাণীটিকে মারার উদ্দেশ্যে জড়ো হতে শুরু করেন। সেই সময় স্থানীয় বাসিন্দা রমেন আদক বিষয়টি জানান হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের উদয়নারায়ণপুর ইউনিটের কো-অর্ডিনেটর সুমন চক্রবর্তী-কে। খবর পেয়ে তিনি বনদপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন।
পরিবেশ মঞ্চের সদস্য রাকেশ মাখাল সহ অন্যান্য পরিবেশকর্মীদের সহযোগিতায় গ্রামবাসীদের বোঝানো সহযোগী রামজিদের বায়। রং হয় যে এটি কোনও চিতাবাঘ নয়, বরং একটি মেছোবিড়াল বা বাঘরোল-যা পরিবেশের জন্য অত্যন্ত উপকারী এবং সাপ, ব্যাঙ, ইঁদুর খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। পরে বনদপ্তরের কর্মীরা প্রাণীটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য গড়চুমুক মিনি জু-তে নিয়ে যান।
পরিবেশকর্মী ও বনদপ্তরের তৎপরতায় এদিন আবারও প্রাণে বাঁচানো সম্ভব হলো বিপন্নপ্রায় মেছোবিড়ালকে। সচেতনতার অভাবেই বারবার এই ধরনের নিরীহ বন্যপ্রাণী আতঙ্কের কারণ হয়ে উঠছে বলে মনে করছেন পরিবেশপ্রেমীরা।