গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বারুইপুরে মহিলা কংগ্রেসের মিছিল, পথে নেমে ক্ষোভ উগরে দিলেন কর্মীরা

Mar 20, 2026 - 11:41
 0
গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বারুইপুরে মহিলা কংগ্রেসের মিছিল, পথে নেমে ক্ষোভ উগরে দিলেন কর্মীরা

প্রদীপ কুমার সিংহ, বারুইপুর : গ্যাসের মূল্যবৃদ্ধি ও সরবরাহে অনিয়মের প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে বারুইপুরে মিছিল করল দক্ষিণ ২৪ পরগনা জেলা টু মহিলা প্রদেশ কংগ্রেস। রান্নার গ্যাস সিলিন্ডার হাতে নিয়ে প্রায় ৭০ থেকে ৮০ জন মহিলা কর্মী এই প্রতিবাদ মিছিলে অংশ নেন। বারুইপুর রেলগেট থেকে শিবানী পীঠ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার পথ পদব্রজে অতিক্রম করে মিছিলটি। মিছিলে অংশগ্রহণকারীদের হাতে প্ল্যাকার্ড ছিল, যেখানে লেখা ছিল “গ্যাসের দাম বৃদ্ধি হল কেন, কেন্দ্রীয় সরকার জবাব দাও”। মিছিল জুড়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র স্লোগান তোলা হয়।দক্ষিণ ২৪ পরগনা জেলা টু মহিলা কংগ্রেসের সভানেত্রী পিয়ালী সরকার অভিযোগ করেন, কেন্দ্রে মোদি সরকারের আমলে গ্যাসের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে, যার ফলে সাধারণ মানুষের নিত্যদিনের জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে। তাঁর দাবি, গ্যাসের অভাবে বহু ছোট হোটেল বন্ধ হয়ে গেছে এবং গৃহস্থের রান্নাঘরেও চরম সংকট তৈরি হয়েছে। তিনি আরও বলেন, পেট্রোল পাম্পগুলিতে গ্যাসের ঘাটতির কারণে অটোচালকরাও সমস্যায় পড়েছেন। গ্যাস না পাওয়ায় অনেক অটো রাস্তায় নামতে পারছে না, ফলে যাতায়াতে সমস্যার পাশাপাশি চালকদের সংসার চালানোও কঠিন হয়ে পড়েছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রীর বক্তব্যের বিরোধিতা করে তিনি দাবি করেন, বাস্তবে সাধারণ মানুষ গ্যাস পাচ্ছেন না এবং বুকিংয়ের পর দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।

                তিনি হুঁশিয়ারি দেন, গ্যাসের দাম কমানো ও সরবরাহ স্বাভাবিক না হলে আগামী দিনে এই আন্দোলন আরও বৃহত্তর আকার ধারণ করবে। অন্যদিকে, এদিন বারুইপুরে জেলা প্রদেশ কংগ্রেসের কার্যালয় থেকে আসন্ন ঈদ উপলক্ষ্যে প্রায় ৭০ জন মহিলার হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।