গঙ্গায় ডুবে তিন নাবালিকার মর্মান্তিক মৃত্যু, শোকাহত পরিবারের পাশে মানিকচকের বিজেপি বিধায়ক গৌড়চন্দ্র মণ্ডল
মালদার মানিকচকের গোপালপুরে গঙ্গায় ডুবে তিন নাবালিকার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। এই দুঃখজনক ঘটনার পর মৃতদের শোক-সন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ালেন মানিকচকের বিজেপি বিধায়ক গৌড়চন্দ্র মণ্ডল।
শুক্রবার তিনি গোপালপুরে গিয়ে মৃত তিন নাবালিকার বাড়িতে উপস্থিত হন। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের সান্ত্বনা ও সমবেদনা জানান। পাশাপাশি দলের পক্ষ থেকে কিছু আর্থিক সাহায্য, ত্রিপল ও চাল তুলে দেন বিধায়ক।
উল্লেখ্য, গত সোমবার মানিকচকের গোপালপুরে গঙ্গায় স্নান করতে নেমে একসঙ্গে তলিয়ে যায় তিন নাবালিকা। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দীর্ঘ খোঁজাখুঁজির পর পরদিন গঙ্গা থেকেই উদ্ধার করা হয় তিনজনের নিথর দেহ। এই মর্মান্তিক ঘটনায় ভেঙে পড়েছে পরিবার-পরিজন থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারাও।
ঘটনার খবর পেয়ে শুক্রবার এলাকায় পৌঁছন মানিকচকের বিজেপি বিধায়ক গৌড়চন্দ্র মণ্ডল। তিনি মৃত নাবালিকাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, এই দুঃসময়ে পরিবারগুলির পাশে রয়েছে বিজেপি। পাশাপাশি মৃতদের শ্রাদ্ধ-শান্তির কাজের জন্য প্রয়োজনীয় সহযোগিতাও তুলে দেন তিনি।
এদিন বিধায়ক আশ্বাস দেন, ভবিষ্যতে সরকারি স্তর থেকেও যাতে পরিবারগুলি আরও আর্থিক সাহায্য পায়, সে বিষয়েও উদ্যোগ নেওয়া হবে।