কাটমানি ও প্রাণনাশের হুমকির অভিযোগে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ-সহ তিনজন গ্রেফতার, আদালতে পেশ বালুরঘাটে
দক্ষিণ দিনাজপুরে কাটমানি দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগে জেলা পরিষদের এক কর্মাধ্যক্ষ-সহ তিনজনকে গ্রেফতার করল পুলিশ।
ধৃতদের শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলা আদালতে পেশ করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম কৌশিক মাহাত ওরফে ডাকু, দিবাকর রায় ওরফে বাবুন এবং মাসুদ সরকার। অভিযোগ, কুমারগঞ্জ এলাকায় একটি রাস্তা সংস্কারের টেন্ডারকে কেন্দ্র করে বালুরঘাটের ঠিকাদার সৌম্যব্রত দে-র কাছে পাঁচ লক্ষ টাকা কাটমানি দাবি করা হয়েছিল। টাকা না দিলে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।
ঘটনার জেরে গত ১৮ মে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই ঠিকাদার। সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু করে তদন্তে নামে পুলিশ।
তদন্তের পর কলকাতা থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। পরে ট্রানজিট রিমান্ডে তাঁদের বালুরঘাটে নিয়ে আসা হয়। শুক্রবার ধৃতদের দক্ষিণ দিনাজপুর জেলা আদালতে তোলা হলে আদালত চত্বরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ বিষয়ে কৌশিক মাহাতের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি সংক্ষিপ্তভাবে বলেন, “আপনারা সবকিছুই জানেন।”
ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।