কাঁথিতে রামনবমীর বর্ণাঢ্য শোভাযাত্রা, উৎসবের আবহে মেতেছে শহর

Mar 28, 2026 - 09:55
 7
কাঁথিতে রামনবমীর বর্ণাঢ্য শোভাযাত্রা, উৎসবের আবহে মেতেছে শহর

কাঁথি: রামনবমী উপলক্ষ্যে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরে আয়োজিত হল বর্ণাঢ্য শোভাযাত্রা। প্রভাত কুমার কলেজ ময়দান থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি ভবতারিণী মন্দির, রাজাবাজার, পোস্ট অফিস মোড় ও চৌরঙ্গী মোড় পেরিয়ে মেছেদা বাইপাসে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে অংশগ্রহণকারীদের খিচুড়ি পরিবেশন করা হয়।

বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে আয়োজিত এই শোভাযাত্রায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। দক্ষিণ কাঁথি বিধানসভার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এতে যোগ দেন।

গোটা শহর জুড়ে উৎসবের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘের জেলা সভাপতি অমিতাভমণ্ডল, সুব্রত মণ্ডল, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্য গৌরাঙ্গ খাঁড়া, কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী, সাংগঠনিক জেলা সভাপতি সোমনাথ রায়, নবীন প্রধান, বিধায়ক অরূপ কুমার দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা পয়ড়্যা, সহ-সভাপতি উমেশ প্রধান, নগর মণ্ডলের সভাপতি রামচন্দ্র পণ্ডা, সহ-সভাপতি অসীম মিশ্র, তাপস দোলাই, ভগবানপুরের বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি, পবিত্র প্রধান সহ একাধিক নেতৃত্ব।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, রামনবমী উৎসবের মাধ্যমে সম্প্রীতি, পারিবারিক মূল্যবোধ এবং ভগবান রামচন্দ্রের আদর্শ সমাজে ছড়িয়ে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। রামচন্দ্রের নীতি, নৈতিকতা ও আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এই ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মত প্রকাশ করেন উদ্যোক্তারা।

গেরুয়া পতাকা হাতে শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। ধর্মীয় আবেগের পাশাপাশি সামাজিক বার্তাও তুলে ধরা হয় এই অনুষ্ঠানের মাধ্যমে।