উত্তর ২৪ পরগনার হাসনাবাদে ভুয়া দলিল করে সম্পত্তি হাতানোর অভিযোগ, নিখোঁজ বোনকে ফেরাতে হাইকোর্টে মামলা
উত্তর ২৪ পরগনা জেলার হাসনাবাদ থানার অন্তর্গত এলাকায় ভুয়া দলিল বানিয়ে সম্পত্তি হাতানোর অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। একই সঙ্গে মায়া বিশ্বাস নামে এক যুবতীকে অপহরণের অভিযোগ তুলে জমি ফেরত এবং নিখোঁজ বোনকে খুঁজে পাওয়ার দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন তাঁর দাদারা।
অভিযোগ, এলাকার কিছু জমি মাফিয়া মায়া বিশ্বাসের নামে একটি ভুয়া দলিল তৈরি করে। সেখানে দেখানো হয়, মায়া বিশ্বাস তাঁর মায়ের সম্পত্তির অংশ পেয়েছেন। এরপর সেই সম্পত্তি মায়া বিশ্বাসের কাছ থেকে কিনে নেওয়া হয়েছে বলে আরও একটি নথি তৈরি করা হয় বলে অভিযোগ।
মায়া বিশ্বাস ও তাঁর ভাইদের দাবি, এই দুটি নথিই সম্পূর্ণ ভুয়া। এ বিষয়ে হাসনাবাদ থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছিল। অভিযোগ দায়ের হওয়ার কিছুদিন পরেই ২০১৪ সালে মায়া বিশ্বাস নিখোঁজ হয়ে যান। তারপর থেকে আজ পর্যন্ত তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি।
নিখোঁজ যুবতীর দাদা সুকুমার বিশ্বাস, রবীন্দ্রনাথ বিশ্বাসসহ পরিবারের অন্য সদস্যরা জানান, বিষয়টি নিয়ে তারা বিভিন্ন প্রশাসনিক দপ্তর ও থানায় বারবার অভিযোগ জানিয়েছেন। কিন্তু এতদিনেও কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে তাঁদের অভিযোগ।
পরিবারের দাবি, তৎকালীন এক প্রভাবশালী সিপিআইএম নেতা, যিনি বর্তমানে তৃণমূলের সঙ্গে যুক্ত, এবং এলাকার কয়েকজন জমি মাফিয়া পরিকল্পনা করে ভুয়া নথি তৈরি করে এই সম্পত্তি হাতিয়েছেন। তাঁদের অভিযোগ, জমির দাবি যাতে আর কেউ তুলতে না পারে, সেই কারণেই মায়া বিশ্বাসকে অপহরণ করে রাখা হয়েছে।
সম্প্রতি এই ঘটনায় সুকুমার বিশ্বাস ও রবীন্দ্রনাথ বিশ্বাস কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন। তাঁদের দাবি, পরিবারের জমি ফেরত দেওয়ার পাশাপাশি নিখোঁজ বোন মায়া বিশ্বাসকে খুঁজে বের করতে হবে।
যদিও অভিযুক্তদের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাঁদের দাবি, তারা বিভিন্ন জায়গায় জমি কেনাবেচার ব্যবসা করেন। কারও ব্যক্তিগত নিখোঁজ হওয়ার ঘটনার সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই বলেই জানিয়েছেন তারা।