উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের বালঘড়িয়ায় ইছামতি নদীর উপর কংক্রিটের সেতু, উপকৃত হবে ৫০ গ্রামের মানুষ
উত্তর ২৪ পরগনার স্বরূপনগর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ইছামতি নদীর উপর অবশেষে কংক্রিটের সেতু পেল সীমান্ত এলাকার মানুষ। উত্তর ২৪ পরগনার বনগাঁ লোকসভা কেন্দ্রের স্বরূপনগর ব্লকের বালঘড়িয়া এলাকায় তৈরি হয়েছে এই সেতু। এর ফলে তিনটি পঞ্চায়েতের প্রায় ৫০টি গ্রামের লক্ষাধিক মানুষ সরাসরি উপকৃত হবেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এতদিন ধরে এই এলাকার বাসিন্দারা ইছামতি নদী পারাপারের জন্য বাঁশের সাঁকোর উপর নির্ভরশীল ছিলেন। দীর্ঘদিন ধরেই এলাকাবাসীর দাবি ছিল এখানে একটি স্থায়ী কংক্রিটের সেতু নির্মাণের। সেই দাবি মেনে বনগাঁর সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর উদ্যোগ নেন।
২০২৪ সালে প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে এই সেতু নির্মাণের কাজ শুরু হয়। প্রায় ১২০ ফুট দীর্ঘ ও ৬.৪ মিটার চওড়া এই সেতুর উপর দিয়ে সর্বোচ্চ দু’টন পর্যন্ত ওজনের যানবাহন চলাচল করতে পারবে। সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনও করেছিলেন শান্তনু ঠাকুর।
বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তারক সাহা জানান, প্রায় সাত বছর ধরে এলাকার মানুষ সেতুর দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে দীর্ঘ দুই বছরের কাজের পর সীমান্ত এলাকার মানুষ একটি পাকা সেতু পেলেন।
জানা গিয়েছে, আগামী ১৪ মার্চ কলকাতার ব্রিগেড সমাবেশ থেকে ভার্চুয়াল মাধ্যমে এই সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
এই সেতু চালু হলে একদিকে যেমন সাধারণ গ্রামবাসী, কৃষক ও চাষিরা উপকৃত হবেন, অন্যদিকে ছোট-বড় যানবাহনের চলাচল সহজ হবে। পাশাপাশি হাসপাতাল ও বিভিন্ন প্রশাসনিক দপ্তরে যাতায়াতের পথও অনেক বেশি সহজ ও দ্রুত হবে বলে মনে করছেন এলাকাবাসী।