উত্তর ২৪ পরগনার বসিরহাটে স্বামীহারা মহিলাকে ব্ল্যাকমেল করে ধর্ষণের অভিযোগ, বিচারের দাবিতে প্রশাসনের দ্বারস্থ
উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটে এক স্বামীহারা অসহায় মহিলাকে ব্ল্যাকমেল করে দীর্ঘদিন ধর্ষণের অভিযোগ উঠল ভাঙড়ের এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তের নাম জহুর আলম। ঘটনার প্রতিবাদে ও বিচারের আশায় প্রশাসন এবং মহিলা কমিশনের দ্বারস্থ হয়েছেন ওই মহিলা।
অভিযোগ, মহিলার বাড়ি রাজারহাটে। প্রায় আড়াই বছর আগে অসুস্থ মাকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়ে ভাঙড়ের বাসিন্দা জহুর আলমের সঙ্গে তাঁর পরিচয় হয়। সেই সময় বিভিন্নভাবে সাহায্য করায় দু’জনের মধ্যে যোগাযোগ তৈরি হয় এবং ফোন নম্বরও আদান-প্রদান হয়।
কিছুদিন পর জহুর আলম ওই মহিলাকে কাজের সুযোগ দেওয়ার কথা বলে ডেকে পাঠায়। মহিলা সেখানে গেলে একটি কাগজে তাঁর সই করিয়ে নিয়ে একটি বাড়িতে যাওয়ার কথা বলে। সরল বিশ্বাসে সেই বাড়িতে গেলে, অভিযোগ অনুযায়ী, ফাঁকা বাড়িতে জহুর আলম তাঁকে ধর্ষণ করে এবং সেই ঘটনার ছবি ও ভিডিও গোপনে রেকর্ড করে রাখে।
এরপর সেই ভিডিও ও ছবির ভয় দেখিয়ে দিনের পর দিন বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে এবং বসিরহাটের বিভিন্ন হোটেলে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
দীর্ঘদিন এই পরিস্থিতির শিকার হওয়ার পর অবশেষে ওই মহিলা জেলা শাসকের দপ্তর এবং মহিলা কমিশনে ই-মেল মারফত লিখিত অভিযোগ জানান। অভিযুক্ত জহুর আলমের দৃষ্টান্তমূলক শাস্তি এবং তার হাত থেকে মুক্তি চান ওই অসহায় মহিলা। ঘটনাটি নিয়ে প্রশাসনের হস্তক্ষেপের দাবি উঠেছে।