উত্তর ২৪ পরগনার গাইঘাটায় গ্যাস গোডাউনে পুলিশের সারপ্রাইজ পরিদর্শন, মজুত নিয়ে খতিয়ে দেখা হল পরিস্থিতি

Mar 13, 2026 - 09:07
 0
উত্তর ২৪ পরগনার গাইঘাটায় গ্যাস গোডাউনে পুলিশের সারপ্রাইজ পরিদর্শন, মজুত নিয়ে খতিয়ে দেখা হল পরিস্থিতি

উত্তর ২৪ পরগনার গাইঘাটা: মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির জেরে গ্যাসের দাম বাড়ার প্রভাব পড়তে শুরু করেছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এই পরিস্থিতিতে গ্যাসের মজুত ও সরবরাহ পরিস্থিতি খতিয়ে দেখতে গাইঘাটা থানার পুলিশ গ্যাস গোডাউনে সারপ্রাইজ পরিদর্শন চালাল।

বৃহস্পতিবার গাইঘাটা থানার আইসি শুভাশিস দত্ত আংরাইল এলাকার একটি গ্যাস গোডাউনে হঠাৎ করে পরিদর্শনে যান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোডাউনে কতটা গ্যাস মজুত রয়েছে এবং কোথাও অবৈধভাবে গ্যাস মজুত করা হচ্ছে কি না, সেই বিষয়টি খতিয়ে দেখতেই এই পরিদর্শন করা হয়।

অন্যদিকে এলাকার গ্রাহকদের অভিযোগ, বর্তমানে গ্যাস পেতে বেশ সমস্যার মুখে পড়তে হচ্ছে। অনেক ক্ষেত্রেই বুকিং করতে অসুবিধা হচ্ছে, আবার বুকিং করলেও সময়মতো গ্যাস পাওয়া যাচ্ছে না।

ফলে বাধ্য হয়ে অনেক পরিবারকেই কাঠের জ্বালানিতে রান্না করতে হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্যাস সরবরাহ ব্যবস্থা সঠিকভাবে চলছে কি না, তা নজরে রাখতে প্রশাসনের তরফে এই ধরনের পরিদর্শন চালানো হচ্ছে বলে জানা গেছে।