SIR তালিকায় নাম বাতিল, টায়ার জ্বালিয়ে পথ অবরোধ মানিকচকে

Apr 2, 2026 - 10:15
 11
SIR তালিকায় নাম বাতিল, টায়ার জ্বালিয়ে পথ অবরোধ মানিকচকে

মানিকচক, মালদা: এসআইআর-এর চূড়ান্ত ভোটার তালিকায় নাম বাদ পড়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল মালদার মানিকচক ব্লক। প্রায় ৪০০ জন ভোটারের নাম তালিকা থেকে বাদ যাওয়ার অভিযোগে ক্ষুব্ধ গ্রামবাসীরা টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান।

ঘটনাটি মানিকচক ব্লকের এসটিবি উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায়। স্থানীয়দের দাবি, দুটি বুথ মিলিয়ে প্রায় প্রতিটি পরিবার থেকেই কারও না কারও নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। কেউ ৪০ বছর ধরে নিয়মিত ভোট দিয়ে আসছেন, অথচ এবারের তালিকায় তাঁর নাম নেই-এমন অভিযোগও উঠে এসেছে।

বিক্ষোভকারীদের বক্তব্য, প্রতি বছর ভোট দিলেও হঠাৎ করে ২০২৬ সালের তালিকায় নাম না থাকায় তারা হতবাক। কোথাও বাবার নাম বাদ পড়েছে, কোথাও ছেলের-ফলে কার্যত বিপাকে পড়েছেন গোটা এলাকার মানুষ।

এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকাল প্রায় ৯টা থেকে রাস্তায় নেমে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ শুরু করেন গ্রামবাসীরা। তাদের দাবি, অবিলম্বে নাম পুনরায় তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়

মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।