হিঙ্গলগঞ্জে বিজেপির বিজয় উৎসব, উপস্থিত বিধায়িকা রেখা পাত্র
হাসনাবাদের হিঙ্গলগঞ্জের ভবানীপুর টু মডেল মাঠে বিজেপি কর্মী-সমর্থকদের উদ্যোগে পালিত হলো বিজয় উৎসব। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জের বিধায়িকা রেখা পাত্র।
মাঠজুড়ে ছিল কর্মী-সমর্থকদের ভিড় এবং উৎসবের আবহ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রেখা পাত্র বলেন, দীর্ঘদিন ধরে ভবানীপুর অঞ্চল সন্ত্রাসের পরিবেশের মধ্যে ছিল। তাঁর অভিযোগ, তৃণমূলের আমলে এলাকায় দীর্ঘদিন ধরে ভয় ও আতঙ্কের রাজত্ব চলেছে। তবে বর্তমানে রাজনৈতিক পরিবর্তনের ফলে সেই পরিস্থিতির অবসান ঘটেছে এবং সাধারণ মানুষ এখন শান্তিপূর্ণ পরিবেশে নিজেদের মত প্রকাশ করতে পারছেন।
তিনি আরও বলেন, "১৫ বছরের সন্ত্রাসের অবসানের পর আজ মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিজয় উৎসবে সামিল হয়েছেন। ভবানীপুর টু মডেল মাঠ আজ জনসমুদ্রে পরিণত হয়েছে। এলাকার মানুষ শান্তি ও শৃঙ্খলার মধ্য দিয়ে এই উৎসব পালন করছেন।"
বিধায়িকার দাবি, নতুন সরকার গঠনের পর হিঙ্গলগঞ্জ ও ভবানীপুর এলাকার একাধিক উন্নয়নমূলক কাজ শুরু হবে। পাশাপাশি আগামী দিনে বিজেপি কর্মী-সমর্থকদের সংগঠন আরও শক্তিশালী করতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
এদিনের বিজয় উৎসবকে কেন্দ্র করে এলাকায় উৎসাহ-উদ্দীপনার পরিবেশ লক্ষ্য করা যায়।