সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদে শ্রীরামপুর বটতলা চৌমাথায় তৃণমূলের পথ অবরোধ

Jun 1, 2026 - 11:01
 0
সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদে শ্রীরামপুর বটতলা চৌমাথায় তৃণমূলের পথ অবরোধ

শ্রীরামপুর: সোনারপুরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদে রবিবার রাতে শ্রীরামপুর বটতলা চৌমাথায় পথ অবরোধ করে তৃণমূল কর্মীরা।

জানা গিয়েছে, শনিবার সোনারপুরে এক মৃত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম ও জুতো ছোড়া হয় বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি হুগলিতেও বিক্ষোভকর্মসূচি নেওয়া হয়।

রাত প্রায় ১১টা নাগাদ হুগলি-শ্রীরামপুর তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারীর নেতৃত্বে তৃণমূল কর্মী-সমর্থকেরা শ্রীরামপুরের বটতলা চৌমাথায় জিটি রোড অবরোধ করেন। প্রায় আধ ঘণ্টা ধরে চলা এই অবরোধে বিক্ষোভকারীরা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্লোগান তোলেন এবং ঘটনার তীব্র প্রতিবাদ জানান।

অবরোধের জেরে জিটি রোডে যান চলাচল ব্যাহত হয়। পরে শ্রীরামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে অবরোধকারীদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয় এবং স্বাভাবিক হয় যান চলাচল।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।