সাগরের বিজেপি নেতাকে লক্ষ্য করে বলি, নামখানায় পথ অবরোধ বিজেপির
অমিত মণ্ডল, নামখানা:গঙ্গাসাগরে বিজেপি নেতা ত্রিলোকেশ ঢালিকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় বুধবার দুপুর থেকে অগ্নিগর্ভ হয়ে উঠল নামখানা। দোষীদের অবিলম্বে গ্রেফতার এবং এলাকায় শান্তি ফেরানোর দাবিতে নামখানা হাসপাতাল মোড়ে ১১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়লেন বিজেপি কর্মীরা। বুধবার সকালে গঙ্গাসাগর উপকূল থানার শ্রীধাম বাসস্ট্যান্ডের কাছে বাইকে করে আসা দুই দুষ্কৃতী বিজেপি নেতা তথা মথুরাপুর সাংগঠনিক জেলা কমিটির প্রাক্তন সম্পাদক ত্রিলোকেশ ঢালিকে লক্ষ্য করে গুলি চালায়। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। পরিবারের দাবি, আসন্ন নির্বাচনে টিকিট পাওয়ার সম্ভাবনা থাকায় রাজনৈতিক প্রতিহিংসাবশত শাসকদলের মদতে এই হামলা চালানো হয়েছে।
গঙ্গাসাগরের এই ঘটনার প্রতিবাদ আছড়ে পড়ে নামখানায়। বুধবার দুপুর থেকেই নামখানা হাসপাতাল মোড়ে বিজেপির কর্মী-সমর্থকরা জমায়েত হতে শুরু করেন। এরপরেই জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ দেখাতে শুরু করেন বিজেপি নেতাকর্মীরা।আন্দোলনকারীদের দাবি, ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করতে হবে, অন্যথায় আরও বৃহত্তর আন্দোলনে নামা হবে।
ঘটনাস্থলে নামখানা থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে আন্দোলনকারীদের বোঝানোর চেষ্টা করলেও বিক্ষোভ প্রশমিত হয়নি। বিজেপির পক্ষ থেকে এই ঘটনার জন্য সরাসরি পুলিশি নিষ্ক্রিয়তাকে দায়ী করা হয়েছে। সুন্দরবন পুলিশ জেলা সূত্রে জানানো হয়েছে, দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।