রায়দিঘীর জনপ্লাবনে অভিষেকের গর্জন, বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ
সানওয়ার হোসেন ও হেদায়তুল্লা পুরকাইত, রায়দিঘী : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রায়দিঘীতে তৃণমূল কংগ্রেসের বিশাল জনসভায় গর্জে উঠলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার খাড়ি গুণসিন্ধু গার্লস হাই স্কুল সংলগ্ন মাঠে আয়োজিত এই সভায় উপচে পড়া ভিড় চোখে পড়ার মতো ছিল। সভামঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যুতে সরব হন অভিষেক। তিনি অভিযোগ করেন, "গুজরাটের নেতারা বাংলায় এসে ভয় দেখাচ্ছে। ২৩ ও ২৯ তারিখে মানুষকে বাড়ি থেকে বের হতে দেবে না বলে হুমকি দেওয়া হচ্ছে।” পাশাপাশি তিনি অমিত শাহকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, "৪ তারিখ কলকাতায় থাকবেন, দুপুর ১২টার পর দেখা হবে।” বক্তব্যে ১০০ দিনের কাজ ও আবাস যোজনার বকেয়া টাকা আটকে রাখার অভিযোগ তুলে কেন্দ্রের তীব্র সমালোচনা করেন তিনি। একইসঙ্গে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরে দাবি করেন, মানুষের পাশে থেকেছে তৃণমূল সরকারই।
রায়দিঘী বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তাপস মণ্ডলের সমর্থনে ভোট চেয়ে অভিষেক বলেন, এই কেন্দ্র তৃণমূলের শক্ত ঘাঁটি এবং আগামীতেও তা বজায় থাকবে। তিনি কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে সরকারের কাজ পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। বিজেপির বিরুদ্ধে তীব্র কটাক্ষ করে তিনি বলেন, "মানুষের জন্য কোনও কাজ করেনি কেন্দ্র। রিপোর্ট কার্ড নিয়ে মাঠে নামলে মানুষই জবাব দেবে।"