মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিরল হার্নিয়ার সফল অস্ত্রোপচার, নেতৃত্বে ডাঃ সুদীপ্ত চ্যাটার্জী

Feb 27, 2026 - 08:03
 0
মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিরল হার্নিয়ার সফল অস্ত্রোপচার, নেতৃত্বে ডাঃ সুদীপ্ত চ্যাটার্জী

মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে এক বিরল হার্নিয়ার সফল অস্ত্রোপচার করে নজির গড়ল চিকিৎসক দল। রোগটির নাম ‘রাইট প্যারাডুয়োডেনাল হার্নিয়া উইথ অবস্ট্রাকশন’—যা অত্যন্ত বিরল। এই রোগে সাধারণত পেটব্যথা, বমি, পেট ফেঁপে যাওয়া এবং পেটে গাঁটের মতো লাম্প দেখা যায়।

এই উপসর্গ নিয়েই বেলদার বাসিন্দা ৪৬ বছরের এক মহিলা দীর্ঘদিন ধরে বিভিন্ন বেসরকারি নার্সিংহোমে ঘুরছিলেন। একদিকে তীব্র যন্ত্রণা, অন্যদিকে ব্যয়বহুল অস্ত্রোপচারের খরচ জোগানোর অক্ষমতা—সব মিলিয়ে অসহায় অবস্থায় পড়ে পরিবার। শেষ পর্যন্ত তাঁরা ভরসা রাখেন মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল-এর উপর।

হাসপাতালের মুখ্য সার্জেন ডাঃ সুদীপ্ত চ্যাটার্জী রোগীর সমস্ত পরীক্ষা-নিরীক্ষা করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। তাঁর নেতৃত্বে সহকারী সার্জেন ডাঃ সুপ্রতিম চাকী, ডাঃ অংকন কর্মকার, ডাঃ অমর্ত্য এবং অ্যানেস্থেটিস্ট ডাঃ দেবাশিস ভড়-সহ চিকিৎসক দল দায়িত্ব নেন।

গত ১৬ ফেব্রুয়ারি রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়। সব প্রস্তুতি সম্পন্ন করে ১৮ ফেব্রুয়ারি বুধবার প্রায় দু’ থেকে আড়াই ঘণ্টার টানা অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার সম্পূর্ণ সফল হয় এবং রোগীকে পর্যবেক্ষণে বেডে স্থানান্তর করা হয়।

বর্তমানে রোগীর শারীরিক অবস্থা স্থিতিশীল ও সুস্থ। আগামী দু’-চার দিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছাড়া দেওয়া হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন। এই সফল অস্ত্রোপচারে খুশি রোগীর পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষ।