মায়ের নামে গাছ! বিশ্ব পরিবেশ দিবসে জেলা জুড়ে ৩২ হাজার চারা রোপণ
অমিত মণ্ডল, নামখানা:
৫ই জুন, বিশ্ব পরিবেশ দিবস ২০২৬-এ সুন্দরবনের বুক থেকে বিশ্ব উষ্ণায়ন ও প্রাকৃতিক দুর্যোগের থাবা দূর করতে এক মহতী সবুজায়নের উদ্যোগ নেওয়া হলো নামখানায়। শুক্রবার নামখানা ব্লকের নারায়ণীতলা ধনেশ্বর শিক্ষা সদন স্কুলে অত্যন্ত সাড়ম্বরে উদযাপিত হলো বিশ্ব পরিবেশ দিবস। এই বিশেষ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন খোদ জেলাশাসক থেকে শুরু করে প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। প্রদীপ প্রজ্জ্বলন করে এই সবুজ কর্মসূচির শুভ উদ্বোধন করেন রাজ্যের নবনিযুক্ত মন্ত্রী দীপঙ্কর জানা।
এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক অভিষেক কুমার তিওয়ারি এক বড় ঘোষণা করেন। তিনি জানান, রাজ্য সরকারের উদ্যোগে এবার সুন্দরবনের বুকে এক সম্পূর্ণ নতুন ও আবেগপূর্ণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যার পোশাকি নাম— "একটি গাছ মায়ের নামে"। এই শীর্ষক থিমকে সামনে রেখেই পরিবেশ দিবস উদযাপন করা হলো। জেলাশাসক আরও জানান, শুধু নামখানায় নয়, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সরকারিভাবে পুরো দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে একযোগে প্রায় ৩২,০০০ গাছের চারা রোপণ করা হয়েছে।
পরিবেশ রক্ষার্থে প্রশাসনের এই মেগা অনুষ্ঠানে আজ বসেছিল চাঁদের হাট। মন্ত্রী দীপঙ্কর জানা ছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক অভিষেক কুমার তিওয়ারি, সুন্দরবন জেলা পুলিশ সুপার বিশ্বচাঁদ ঠাকুর, অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) ভাস্কর পাল, ডিএফও, কাকদ্বীপের মহকুমাশাসক এবং সাগরের নতুন বিধায়ক সুমন্ত মণ্ডল সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্কুল পড়ুয়ারা।
অনুষ্ঠানে আগত পরিবেশবিদ ও মন্ত্রীরা জানান, সুন্দরবনের নদী বাঁধকে রক্ষা করতে এবং ঝড়-বন্যা রুখতে গাছের কোনো বিকল্প নেই। তাই প্রশাসনের এই ৩২ হাজার গাছ লাগানোর উদ্যোগকে সফল করতে সুন্দরবনের প্রতিটি নাগরিককে এগিয়ে আসতে হবে।