মালদা টাউন স্টেশন থেকে দুই বাংলাদেশি গ্রেপ্তার, আদালতে পেশ আজ
মালদা:
মালদা টাউন স্টেশন চত্বরে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির অভিযোগে দুই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল জিআরপি থানার পুলিশ। ধৃতদের আজ সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে পেশ করা হবে।
জিআরপি থানার আইসি প্রশান্ত রাই জানান, বৃহস্পতিবার দুপুর প্রায় তিনটে নাগাদ টিকিট কাউন্টারের সামনে দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। তাদের আটক করে জেরা করতেই জানা যায়, তারা বাংলাদেশের বাসিন্দা। এরপরই গ্রেপ্তার করা হয়।
ধৃতদের নাম সফিকুল আলম (৩৮) ও মহম্মদ সোনি (১৯)। তারা বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ ও জামালপুর জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে।
প্রাথমিক জেরায় উঠে এসেছে, দু’দিন আগে কালিয়াচক বা বৈষ্ণবনগর সীমান্ত এলাকা দিয়ে তিনজন অবৈধভাবে ভারতে প্রবেশ করে। পরে এক দালাল ওই দুই ব্যক্তিকে ফেলে পালিয়ে যায়।
পুলিশ সূত্রে খবর, ধৃতরা চেন্নাইয়ে কাজের খোঁজে যাওয়ার পরিকল্পনা করছিল। পুরো ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত আছে কিনা, তা খতিয়ে দেখতে তাদের আরও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতের আবেদন করা হয়েছে।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।