ভোটের আগে মালদায় আগ্নেয়াস্ত্র উদ্ধার, পাঁচজন গ্রেফতার
মালদা: আসন্ন নির্বাচনকে সামনে রেখে মালদা জেলায় বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারে বড় সাফল্য পেল পুলিশ। চাঁচল থানার পুলিশ তিনটি আগ্নেয়াস্ত্র সহ পাঁচ সন্দেহভাজনকে গ্রেফতার করেছে।
বুধবার জেলা পুলিশ সুপার অনুপম সিং প্রেস বিবৃতিতে জানান, শান্তিপূর্ণ ও হিংসামুক্ত নির্বাচন নিশ্চিত করতে জেলার বিভিন্ন প্রান্তে নাকা চেকিং জোরদার করা হয়েছে। বাংলা-বিহার সীমান্তবর্তী নারকুটিয়া এলাকাতেও বসানো হয়েছিল চেকপোস্ট।
মঙ্গলবার রাতে ওই চেকপোস্টে পাঁচজন সন্দেহভাজনকে আটক করে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশিতে তাঁদের কাছ থেকে উদ্ধার হয় তিনটি বেআইনি আগ্নেয়াস্ত্র-যার মধ্যে রয়েছে দুটি পাইপগান এবং একটি ৭ এমএম পিস্তল।
ধৃতদের নাম সুকদেব সাহা, অমিত কুমার সাহা, গণেশ মহালদার, মহম্মদ রিয়াজুল এবং মহম্মদ রমন। তারা সকলেই বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলি বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছিল। তবে এর পেছনে অন্য কোনও বড় চক্র বা উদ্দেশ্য রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।