ভাটপাড়ার কুখ্যাত দুষ্কৃতী 'পিকে' গ্রেফতার, তদন্তে নেমেছে পুলিশ
ভাটপাড়া তথা ব্যারাকপুর শিল্পাঞ্চলের পরিচিত দুষ্কৃতী শাহজাহান আলী ওরফে ‘পিকে’-কে গ্রেফতার করেছে ভাটপাড়া থানার পুলিশ। দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর অবশেষে দুর্গাপুর থেকে তাকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুলিশের দাবি, ধৃত শাহজাহান আলী দীর্ঘদিন ধরেই বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল। তাঁর বিরুদ্ধে একাধিক গুরুতর ধারায় মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারার পাশাপাশি অস্ত্র আইনের ২৫/২৭ ধারা এবং বিস্ফোরক আইনের ৪/৫ ধারায় মামলা দায়ের রয়েছে।
গ্রেফতারের পর ধৃতকে আদালতে তোলা হলে তদন্তের স্বার্থে ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, তাঁর সঙ্গে অন্য কোনও অপরাধচক্রের যোগসূত্র রয়েছে কি না এবং আরও কেউ এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে কিনা।
ঘটনার পর গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানার পুলিশ।