বারুইপুরে আম্পায়ারদের প্রীতি টি-টোয়েন্টি ম্যাচ
বারুইপুরে আম্পায়ারদের প্রীতি টি-টোয়েন্টি ম্যাচ
প্রদীপ কুমার সিংহ, বারুইপুর : যারা সারা বছর বিভিন্ন ক্রিকেট ম্যাচে আম্পায়ারিং করেন, সেই আম্পায়াররাই এবার নামলেন মাঠে খেলোয়াড়ের ভূমিকায়। বুধবার দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর ফুলতলার জেলা স্টেডিয়ামের সাগর সংঘের মাঠে অনুষ্ঠিত হল এক আমন্ত্রণমূলক প্রীতি টি-টোয়েন্টি ম্যাচ। দক্ষিণ ২৪ পরগনা জেলা ক্রীড়া অ্যাসোসিয়েশন-এর রেফারি সংস্থার উদ্যোগে দুটি দল গঠন করে এই ম্যাচের আয়োজন করা হয়। রেফারি সংস্থার সভাপতি একাদশ ও সম্পাদক একাদশের মধ্যে অনুষ্ঠিত হয় এই প্রীতি লড়াই। সংস্থার সম্পাদক জানান, প্রতিটি দলে ১৫ জন করে খেলোয়াড় অংশগ্রহণ করেন। উল্লেখযোগ্যভাবে, এ বছর ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল-এর পরীক্ষায় এই সংস্থার ৭ জন আম্পায়ার ‘এ’ র্যাঙ্কে উত্তীর্ণ হয়েছেন। তাঁদের মধ্যে একজন বাদে বাকিরা এই ম্যাচে খেলোয়াড় হিসেবে অংশ নেন।