ফরাক্কায় ভয়াবহ বিস্ফোরণ, বোমা মজুতের অভিযোগে চাঞ্চল্য-তদন্তে পুলিশ

Apr 21, 2026 - 13:06
 11
ফরাক্কায় ভয়াবহ বিস্ফোরণ, বোমা মজুতের অভিযোগে চাঞ্চল্য-তদন্তে পুলিশ

মুর্শিদাবাদের ফরাক্কায় ভয়াবহ বিস্ফোরণকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগ, এক কংগ্রেস কর্মীর বাড়ির ছাদে মজুত বোমা ফেটে এই ঘটনা ঘটেছে। সোমবার সকালে ফরাক্কা থানার নয়নসুখ মানিকনগর এলাকায় বিকট শব্দে কেঁপে ওঠে গোটা অঞ্চল। বিস্ফোরণের তীব্রতায় বাড়ির ছাদের পাঁচিলের একটি বড় অংশ ভেঙে পড়ে। যদিও এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১৩৬ নম্বর বুথ এলাকার বাসিন্দা তথা কংগ্রেস কর্মী সাইমুল শেখের বাড়িতেই এই বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে সেই সময় রাজমিস্ত্রিরা কাজ করছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, ছাদের এক কোণে আগে থেকেই কয়েকটি বোমা মজুত রাখা ছিল, যা আচমকাই বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক, শুরু হয় ছোটাছুটি।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ফরাক্কা থানার আইসি অমিত কুমার মুখার্জির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। তবে বিস্ফোরণের পর থেকেই অভিযুক্ত সাইমুল শেখ ও তাঁর পরিবারের সদস্যরা পলাতক বলে জানা গিয়েছে।

ঠিক কী কারণে বাড়ির ছাদে বোমা মজুত করা হয়েছিল এবং এর নেপথ্যে বড় কোনও ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। পলাতকদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

এদিকে, ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। ফরাক্কা বিধানসভার তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম কড়া ভাষায় কংগ্রেসকে আক্রমণ করে দাবি করেছেন, এটি কংগ্রেসের এক বুথ সভাপতির বাড়ির ঘটনা। যদিও পুরো বিষয়টি নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী