প্রতিপক্ষ ফুটবলারের পা ভাঙার শাস্তি, পাঁচ ম্যাচের নির্বাসন ঘোষণা ফিফার

Jun 26, 2026 - 13:12
 5
প্রতিপক্ষ ফুটবলারের পা ভাঙার শাস্তি, পাঁচ ম্যাচের নির্বাসন ঘোষণা ফিফার

বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বাদ গিয়েছে কাতার। ১ পয়েন্ট পেয়ে শেষ হয়েছে তাদের লড়াই। কিন্তু বাদ পড়ার পরেও আলোচনায় তারা। নেপথ্যে কাতারের ফুটবলার আসিম মাদিবো। কানাডা ম্যাচে প্রতিপক্ষ ফুটবলার ইসমাইল কোনের পা ভেঙে দিয়েছেন তিনি। এই ঘটনায় তাঁকে পাঁচ ম্যাচ নির্বাসিত করেছে ফিফা।কানাডার কাছে ০-৬ গোলে হারে কাতার। কিন্তু ম্যাচের ৫১ মিনিটের মাথায় যে ঘটনা ঘটে তার জন্য প্রস্তুত ছিলেন না কেউ। বল ছিল কোনের পায়ে। পিছন থেকে এসে তাঁর বাঁপায়ে মারেন মাদিবো। সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি। প্রথমে দেখে মনে হয়েছিল, সামান্য চোট পেয়েছেন কোনে। কিন্তু তাঁর যন্ত্রণা দেখে বাকিরা বুঝতে পারেন গুরুতর কিছু হয়েছে।মাদিবো ইচ্ছাকৃত ভাবে কিছু করেননি। কিন্তু এই ঘটনার পর তাঁর দিকে তেড়ে যান কানাডার কিছু ফুটবলার। সতীর্থেরা রক্ষা করেন কোনেকে। মাঠে ছুটে আসেন চিকিৎসকেরা। কোনে মাঠেই সকলের কাছে ক্ষমা চাইছিলেন। রেফারি তাঁকে সরাসরি লাল কার্ড দেখান। মাথায় হাত দিয়ে মাঠ ছাড়েন মাদিবো।প্রাথমিক চিকিৎসার পর কোনেকে স্ট্রেচারে করে মাঠ থেকে বার করা হয়। তাঁকে অ্যাম্বুল্যান্সে চাপিয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অস্ত্রোপচার হয়েছে। আপাতত বেশ কয়েক মাস খেলতে পারবেন না তিনি। দলকে সমর্থন করতে হুইলচেয়ারে বসে কানাডার শেষ ম্যাচে মাঠে গিয়েছিলেন কোনে। কঠিন সময়ে পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।ঘটনার পরেই হাসপাতালে দিয়েছিলেন মাদিবো। কোনের কাছে ক্ষমা চান তিনি। তাতে ফিফার মন গলেনি। পাঁচ ম্যাচের জন্য নির্বাসিত করা হয়েছে মাদিবোকে। কাতার ফুটবল সংস্থা চাইলে এই শাস্তির বিরুদ্ধে আবেদন করতে পারেন। কিন্তু এখনও পর্যন্ত তারা তা করেনি।