পুলিশের গাড়িতে হামলার অভিযোগে গ্রেফতার ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনোজ পাণ্ডে

Jun 1, 2026 - 13:11
 0

ভাটপাড়া: পুলিশের গাড়িতে হামলার অভিযোগে ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর মনোজ পাণ্ডেকে গ্রেফতার করল জগদ্দল থানার পুলিশ। শনিবার গভীর রাতে তাঁকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

পুলিশের দাবি, ২০২৪ সালের আগস্ট মাসে জগদ্দল থানার অন্তর্গত মেঘনা মোড় এলাকায় পুলিশের একটি গাড়িতে হামলার ঘটনা ঘটে। সেই ঘটনার তদন্তে মনোজ পাণ্ডের নাম উঠে আসে। তদন্তের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ধৃত কাউন্সিলরের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ১৮৯(২), ১৯১(২), ১৯০, ১৯৫(১), ২২১, ১২১(১), ১৩২, ১১৫(২) এবং ৩(৫) ধারায় মামলা রুজু করা হয়েছে।

রবিবার তাঁকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে অভিযুক্তকে সাত দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে জগদ্দল থানার পুলিশ।

ঘটনাকে কেন্দ্র করে ভাটপাড়া ও জগদ্দল এলাকায় রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মামলার তদন্ত চলছে এবং ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছেন কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।