পশ্চিম বর্ধমান দুর্গাপুরের পলাশডিহায় প্রতিবাদ করতে গিয়ে খুন গোপাল দাস, ন্যায়বিচারের দাবিতে সরব স্ত্রী

Mar 6, 2026 - 14:56
 1
পশ্চিম বর্ধমান দুর্গাপুরের পলাশডিহায় প্রতিবাদ করতে গিয়ে খুন গোপাল দাস, ন্যায়বিচারের দাবিতে সরব স্ত্রী

পশ্চিম বর্ধমান: সিঁথির সিঁদুর এখনো মুছে যায়নি। তবুও স্বামীর খুনের ঘটনার ন্যায়বিচারের দাবিতে সরব গোপাল দাসের স্ত্রী। কয়েকদিন আগে মাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার প্রতিবাদ করতে গিয়ে নির্মমভাবে খুন হন বছর ৩২-এর গোপাল দাস। ঘটনাটি ঘটে দুর্গাপুর শহরের অন্তর্গত পলাশডিহা এলাকায়।

ঘটনার পর পুলিশ অভিযুক্ত বিজয় টুডুকে গ্রেপ্তার করে। দুর্গাপুর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে। শুধু গ্রেপ্তারই নয়, অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় দায়িত্ব পালন করেছেন থানার আধিকারিকরা এবং আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পদস্থ কর্তারা বলেও দাবি করা হয়েছে।

বুধবার দুপুর দু’টো নাগাদ মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে যান লক্ষণ চন্দ্র ঘোড়ুই। তিনি গোপাল দাসের স্ত্রী ও এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি প্রশ্ন তোলেন, অতীতে অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও কীভাবে বারবার সে ছাড়া পেয়েছে এবং কারা তাকে মদত দিয়েছে।

অন্যদিকে পাল্টা প্রতিক্রিয়ায় উজ্জ্বল মুখোপাধ্যায় প্রশ্ন তোলেন, পুলিশ যখন তদন্ত করছে তখন কেন এই ঘটনাকে কেন্দ্র করে ভোটের রাজনীতি করা হচ্ছে। পুলিশের তরফে জানানো হয়েছে, আইন অনুযায়ী কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। তবে গোটা ঘটনাকে ঘিরে এখনো চাপা উত্তেজনা বিরাজ করছে পলাশডিহা এলাকায়।