পরকীয়ার জেরে স্বামী খুন, রায়দিঘিতে স্ত্রী-প্রেমিক গ্রেফতার
সানওয়ার হোসেন, রায়দিঘি : সাতসকালে গলাকাটা দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রায়দিঘি এলাকায়। নিহত কিশোর দাস (৩৯)। অভিযোগ, দীর্ঘদিনের পরকীয়া সম্পর্কের জেরে পথের কাঁটা সরাতেই স্বামীকে নৃশংসভাবে খুন করেছে স্ত্রী অনিমা দাস এবং তার প্রেমিক গোবিন্দ হালদার।
পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে পাড়ার কালীপুজো দেখে ফেরার পথে ভাইয়ের সঙ্গে শেষ দেখা হয় কিশোরের। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। অভিযোগ, গভীর রাতে ফোন করে তাঁকে একটি নির্জন স্থানে ডেকে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই কুপিয়ে খুন করা হয়। মঙ্গলবার সকালে একটি ফাঁকা জায়গায় কিশোরের রক্তাক্ত ও গলাকাটা দেহ পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রায়দিঘি থানার পুলিশ।
সুন্দরবন পুলিশ জেলার সুপার বিশ্বচাঁদ ঠাকুর জানিয়েছেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত স্ত্রী অনিমা দাস এবং পাশের বাড়ির বাসিন্দা তথা প্রেমিক গোবিন্দ হালদারকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।