ন্যাজাটে সংঘর্ষে গুলিবিদ্ধ পুলিশ ও সিআরপিএফ জওয়ান, এলাকায় উত্তেজনা

May 7, 2026 - 13:41
 10
ন্যাজাটে সংঘর্ষে গুলিবিদ্ধ পুলিশ ও সিআরপিএফ জওয়ান, এলাকায় উত্তেজনা

কলকাতা: উত্তর ২৪ পরগনার ন্যাজাটে দুই গোষ্ঠীর সংঘর্ষ মেটাতে গিয়ে দুষ্কৃতীদের গুলিতে আহত হলেন একাধিক পুলিশকর্মী ও সিআরপিএফ জওয়ান। ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ন্যাজাট থানার অন্তর্গত রাজবাড়ি আউটপোস্টের ছোট বিটপোল এলাকায় এক তৃণমূল নেতা মশারফ মোল্লার বাড়িতে দুষ্কৃতীরা হামলা চালায়। খবর পেয়ে ন্যাজাট থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে।

অভিযোগ, পুলিশ ঘটনাস্থলে পৌঁছনোর পরই দুষ্কৃতীরা তাদের লক্ষ্য করে দফায় দফায় গুলি চালায়। সেই গুলিতে ন্যাজাট থানার ওসি ভরত প্রসুন পুরকাইতের কনুইয়ে গুলি লাগে। এছাড়াও এলসি কনস্টেবল মনিকার মাথায় গুলি লেগেছে এবং রাজবাড়ি আউটপোস্টের সাব-ইন্সপেক্টর ভাস্বত গোস্বামীর পায়ে গুলি লাগে।

পাশাপাশি, দুই সিআরপিএফ জওয়ানও গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা যাচ্ছে, তাঁদের বুকে গুলি লেগেছে বলে প্রাথমিক খবর।

আহতদের দ্রুত উদ্ধার করে কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে।

ঘটনার পর এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে এবং দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে। পরিস্থিতি উত্তপ্ত থাকলেও তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে বলে প্রশাসন সূত্রে খবর।