নামখানায় সড়ক দুর্ঘটনা, জখম ১ মহিলা*
অমিত মণ্ডল, নামখানা:শুক্রবার রাতে পথ দুর্ঘটনার সাক্ষী থাকল নামখানা। একটি দ্রুতগামী টোটোর ধাক্কায় বাইকের পিছন থেকে ছিটকে পড়ে গুরুতর জখম হলেন এক মহিলা। শুক্রবার রাত ৮টা নাগাদ নামখানা ব্লকের কাকদ্বীপ থানার অন্তর্গত নামখানা নারায়ণ বিদ্যামন্দিরের কাছে এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে একটি মোটরবাইক বকখালীর দিক থেকে কাকদ্বীপের অভিমুখে আসছিল। সেই সময় নামখানা নারায়ণ বিদ্যামন্দিরের সামনে হঠাৎই একটি টোটো নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটির পিছনে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের অভিঘাতে বাইকের পিছনে বসে থাকা ওই মহিলা আরোহী পিচ রাস্তায় ছিটকে পড়েন।শরীরে গুরুতর চোট পান তিনি।
দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন।ওই মহিলাকে উদ্ধার করে তড়িঘড়ি কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্রে খবর, মহিলার আঘাত গুরুতর হলেও চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি।
জনবহুল বিদ্যামন্দির মোড়ে এই দুর্ঘটনার জেরে কিছুক্ষণের জন্য এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাতের অন্ধকারে এই রাস্তায় টোটোগুলো বেপরোয়াভাবে যাতায়াত করে, যার ফলেই এই বিপত্তি।