নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের দায়িত্ব নিজেদের হাতে নিল এবিভিপি
নদিয়া :
রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহে এবার নদীয়ার নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের দায়িত্ব নিজেদের হাতে নিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। সোমবার কলেজ চত্বর কার্যত গেরুয়া আবহে মোড়া হয়ে ওঠে।
দীর্ঘদিন ধরে কলেজের ছাত্র রাজনীতিতে প্রভাব ছিল তৃণমূল ছাত্র পরিষদের। তবে এদিন গোটা কলেজ চত্বরে এবিভিপির পতাকা ও স্লোগানে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত মিলেছে।
এবিভিপি কর্মীদের দাবি, নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে কোনো রকম নেশা বা অশিক্ষার পরিবেশ বরদাস্ত করা হবে না। ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠনের স্বাভাবিক পরিবেশ বজায় রাখাই তাদের মূল লক্ষ্য।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, কলেজ চত্বর থেকে রাজনৈতিক নেতাদের ছবি সরিয়ে সেখানে বিদ্যার দেবী সরস্বতী, স্বামী বিবেকানন্দ সহ বিভিন্ন মনীষীর ছবি রাখা হবে। শিক্ষাঙ্গনকে রাজনীতিমুক্ত করে সুস্থ শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যেই এই উদ্যোগ বলে দাবি এবিভিপির।
এদিনের ঘটনাকে কেন্দ্র করে কলেজ চত্বরে ব্যাপক উৎসাহ দেখা যায় এবিভিপি সমর্থকদের মধ্যে। তাদের বক্তব্য, নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে এদিন থেকেই শুরু হলো নতুন অধ্যায়।