নবদ্বীপে কেরোসিনের গোডাউনে বিধ্বংসী আগুন, চাঞ্চল্য এলাকাজুড়ে
নদিয়া:
কেরোসিন তেল মজুদ থাকা একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল নদিয়ার নবদ্বীপে। শনিবার সকালে নবদ্বীপের ২৪ নম্বর ওয়ার্ডের ঈদিলপুর এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল প্রায় সাড়ে আটটা নাগাদ কেরোসিন তেল মজুদ থাকা একটি গোডাউনে আচমকাই আগুন লাগে। দাহ্য পদার্থ থাকার কারণে মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে। আগুন দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। প্রথমে তাঁরাই আগুন নেভানোর চেষ্টা করেন এবং সঙ্গে সঙ্গে দমকলকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। তবে স্থানীয়দের অভিযোগ, দমকল পৌঁছাতে কিছুটা দেরি হয়। এমনকি প্রথম ইঞ্জিন পৌঁছানোর পর প্রায় আধঘণ্টা ধরে সেটি চালু করা সম্ভব হয়নি বলেও অভিযোগ উঠেছে।
পরে ইঞ্জিন চালু হলে দেখা যায়, দুটি নজেলের মধ্যে একটি কাজ করছে। পরিস্থিতি সামাল দিতে পরে কৃষ্ণনগর থেকে আরও একটি দমকলের ইঞ্জিন আনা হয়। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর শেষমেশ আগুন নিয়ন্ত্রণে আসে।
যদিও আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। স্থানীয়দের অনুমান, সেখানে কেরোসিন তেল মজুদ করে রাখা হত এবং সেখান থেকেই কোনও কারণে আগুন লাগতে পারে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিশ প্রশাসন। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল কর্তৃপক্ষ।