দাসনগরে দুঃসাহসিক চুরি, বাড়ি থেকে নগদ ও সোনার গয়না উধাও
হাওড়া: দাসনগর এলাকায় দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাড়ির মালিক সন্দীপ মণ্ডল পরিবার-সহ বাইরে থাকার সুযোগে চোরেরা বাড়িতে ঢুকে নগদ টাকা ও সোনার গয়না লুট করে পালায়।
ঘটনা সূত্রে জানা গিয়েছে, গত শনিবার সন্দীপ মণ্ডল পরিবার নিয়ে পুরীতে বেড়াতে গিয়েছিলেন। বুধবার সকালে তার ভাগনা রমীত বোধক বাড়িতে অ্যাকোয়ারিয়ামের মাছকে খাবার দিতে এসে দেখেন বাড়ির মেন গেট খোলা। সন্দেহ হওয়ায় তিনি ভিতরে ঢুকে দেখেন, স্টোররুম থেকে শুরু করে উপরের ও নিচের ঘরের সমস্ত দরজার তালা ভাঙা এবং ঘরগুলো সম্পূর্ণ লণ্ডভণ্ড অবস্থায় পড়ে রয়েছে।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। সঙ্গে সঙ্গে দাসনগর থানায় খবর দেওয়া হয় এবং বাড়ির মালিককেও জানানো হয়। খবর পেয়ে সন্দীপ মণ্ডল পরিবার-সহ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন।
ফোনে তিনি জানান, বাড়িতে আনুমানিক ২০ থেকে ২৫ হাজার টাকা নগদ এবং প্রায় ২ থেকে ৩ ভরি সোনার গয়না ছিল, যা চুরি গেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।
ঘটনার তদন্ত শুরু করেছে দাসনগর থানার পুলিশ। এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।