তিন দিন নিখোঁজ থাকার পর নদী থেকে দেহ উদ্ধার, শোকের ছায়া গোসাবায়

Mar 20, 2026 - 11:37
 13
তিন দিন নিখোঁজ থাকার পর নদী থেকে দেহ উদ্ধার, শোকের ছায়া গোসাবায়

বান্টি মুখার্জি, গোসাবা : সোমবার রাতে আচমকা কালবৈশাখীর দাপটে বড়সড় দুর্ঘটনা ঘটে গোসাবা এলাকায়। বসিরহাট থেকে ইট বোঝাই করে গোসাবার দিকে আসছিল একটি ভুটভুটি। সেই সময় প্রবল ঝড়ের মুখে বিদ্যাধরী নদীতে ভুটভুটিটি উল্টে যায়। ঘটনায় ভুটভুটিতে থাকা দুই ব্যক্তি নদীর জলে পড়ে যান।

               কোনওক্রমে সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হন ভুটভুটির মাঝি। তবে তাঁর সঙ্গে থাকা সহযোগী তারক বর নিখোঁজ হয়ে যান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় গোসাবা থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে এবং পরে রাজ্য পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ (ডিএমজি)-কে খবর দেওয়া হয়।

               পরপর তিন দিন তল্লাশি চালানোর পর বৃহস্পতিবার সকালে নদী থেকে উদ্ধার হয় তারক বর (৫২)-এর দেহ। তাঁকে দ্রুত গোসাবা ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং মৃতের পরিবার ভেঙে পড়েছে।